আজকাল ওয়েবডেস্ক: মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ২১ জনই নিহত হয়েছেন। বুধবার দুপুরের এই ঘটনার খবর নিশ্চিৎ করেছে সেদেশের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি করে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নীলম উপত্যকা এলাকায় অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। তবে, হেলিকপ্টারটিতে বাহিনীর কোন সদস্যরা ছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে আইএসপিআর-এর তরফে জানান হয়েছে যে, ওড়ার সময়ে সময় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। তবে, ক্রু সদস্যরা জরুরি অবতরণের চেষ্টা করলেও তা কাজে আসেনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হেলিকপ্টারটিতে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কেউ জীবিত উদ্ধার হননি।’
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এই ঘটনায় সুনির্দিষ্ট কারিগরি কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে বলে জানিয়েছে আইএসপিআর।
পাকিস্তান সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সেনাবাহিনীর সব পর্যায়ের কর্মকর্তারা এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।















