আজকাল ওয়েবডেস্ক: প্রাপ্তবয়স্ক ভাষা ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করতে পারে OpenAI। অন্তত এমনটাই ইঙ্গিত মিলেছে চ্যাটজিপিটির সর্বশেষ অ্যাপ আপডেটের কোড বিশ্লেষণে। প্রযুক্তি বিষয়ক পোর্টাল Android Authority তাদের প্রতিবেদনে দাবি করেছে, চ্যাটজিপিটির v1.2026.055 ভার্সনের কোডে “Naughty Chats” নামে একটি সম্ভাব্য ফিচারের উল্লেখ পাওয়া গেছে।
কোডের একাংশে লেখা রয়েছে: “এই সেটিং চালু করলে অনুরোধ অনুযায়ী চ্যাটজিপিটি আরও স্পাইসি বা প্রাপ্তবয়স্ক-থিমের ভাষা ব্যবহার করতে পারবে। শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য উপলব্ধ।” একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, এই সুবিধা পেতে বয়স যাচাই (age verification) বাধ্যতামূলক হবে।
তবে আপাতত এই ফিচার সক্রিয় করার কোনও উপায় নেই। ফলে বোঝা যাচ্ছে, এটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান যে ইঙ্গিত দিয়েছিলেন—ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট প্রাপ্তবয়স্ক মোড পাওয়া যেতে পারে—তারই পরবর্তী ধাপ হিসেবে এই আপডেটকে দেখা হচ্ছে। অল্টম্যান তখন বলেছিলেন, “আপনি না চাইলে এটি পাবেন না।”
&t=21sসম্প্রতি ওপেনএআই একটি বয়স-অনুমান প্রযুক্তিও চালু করেছে। কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট কতদিন ধরে সক্রিয়, সাধারণত কখন ব্যবহার করা হয়, ঘোষিত বয়স এবং ব্যবহার-প্যাটার্ন—এই সব তথ্যের ভিত্তিতে সিস্টেমটি যাচাই করে দেখবে ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি না। যদি সিস্টেম নিশ্চিত না হয়, তবে ব্যবহারকারীকে ‘টিন এক্সপেরিয়েন্স’-এ সরিয়ে দেওয়া হবে। প্রাপ্তবয়স্ক হিসেবে চূড়ান্ত যাচাইয়ের জন্য তৃতীয় পক্ষ সংস্থা পারসোনা (Persona)-র মাধ্যমে সেলফি জমা দিয়ে বয়স নিশ্চিত করতে হবে।
প্রযুক্তি মহলের একাংশের মতে, অন্যান্য কয়েকটি এআই প্ল্যাটফর্ম ইতিমধ্যেই তুলনামূলকভাবে বেশি প্রাপ্তবয়স্ক ভাষা ব্যবহারের অনুমতি দেয়। তবে নিরাপত্তা ও নীতিগত ‘গার্ডরেল’ নিয়ে বিতর্কও রয়েছে। কিছু প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম অতীতে অনিয়ন্ত্রিত কনটেন্ট তৈরি করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে। ওপেনএআই-এর সম্ভাব্য ‘নটি চ্যাটস’ ফিচার কবে আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা নেই। তবে কোডে এমন উল্লেখ সামনে আসায় প্রযুক্তি মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
