আজকাল ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনিত করা হয়েছে মোজতাবা খামেনেইকে। তারপরই সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তেহরানের পদক্ষেপে তিনি মোটেই "খুশি নন।"

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেওয়া সাক্ষাতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনেইকে নির্বাচিত করায় আমি খুশি নই।"

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর পুত্র মোজতাবা হোসেইনি খামেনেইকে সোমবার বিশেষজ্ঞ পরিষদ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করেছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর এই নিয়োগ করা হয়েছে।

তেহরান নিশ্চিত করেছে যে, মোজতাবাকে বিশেষজ্ঞ পরিষদের সম্মানিত প্রতিনিধিদের নির্ণায়ক ভোটের ভিত্তিতে ইরানের তৃতীয় নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ হামলা চালানোর প্রায় এক সপ্তাহ পর মোজতাবার নির্বাচন করা হল।

যদিও এ দিন সকালে ট্রাম্প, টাইমস অফ ইজরায়েলকে দেওয়া সাক্ষাতে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনেই-এর নিয়োগ নিয়ে কোনও কথা বলতে অস্বীকার করেছিলেন। শুধু জোর দিয়ে বলেছিলেন, "আমরা দেখব কী হয়।"

মোজতাবার নির্বাচন পদ্ধতি নিয়েও মুখ খোলেননি ট্রাম্প।  যদিও তিনি এর আগে প্রকাশ্যে বলেছিলেন যে, ছোট খামেনেই একজন "হালকা" এবং "অগ্রহণযোগ্য" প্রার্থী।

উল্লেখ্য, সর্বোচ্চ নেতার কুর্সিতে মোজতাবা খামেনেই-এর নাম আনুষ্ঠানিক ঘোষণার আগে, ট্রাম্প মার্কিন হস্তক্ষেপের কথা জানিয়েছিলেন।
এবিসি নিউজে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে, কোনও নতুন ইরানি নেতার দীর্ঘায়ু আমেরিকান স্বীকৃতির উপর নির্ভর করবে। ট্রাম্প বলেছেন, "যদি তিনি আমাদের কাছ থেকে অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না।"