আজকাল ওয়েবডেস্ক: থাইল্যান্ডে ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড, যা নিয়ে এখন নেটপাড়া তোলপাড়। ১৮ বছর বয়সী সুন্দরী কামোলোয়ান চানাগো যখন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬-এর মঞ্চে নিজের নাম ঘোষণা করতে এলেন, তখন সবার নজর ছিল তার আত্মবিশ্বাসের দিকে। কিন্তু সেই মুহূর্তটি আর দশটি সাধারণ মুহূর্তের মতো ছিল না। মঞ্চের মাইকের সামনে দাঁড়িয়ে চানাগো যা করলেন, তা দেখে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিচারকক্যাটওয়াক সবাই থমকে গিয়েছিলেন কয়েক সেকেন্ডের জন্য।
গত ২৮ মার্চ শনিবার ইউটিউবে সরাসরি সম্প্রচারিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চানাগো যখন পাথুম থানি প্রদেশের প্রতিনিধিত্ব করতে মঞ্চে পা রাখেন, তখন কথা বলার ঠিক আগের মুহূর্তে তিনি খুব চালাকি করে নিজের মুখের ভেতরে একটি আলগা দাঁতের সেট বা ভিনিয়ার লাগিয়ে নেন। দাঁতের দাগ ছোপ ঢাকতে অভিনেতা মডেলরা ভিনিয়ার লাগান দাঁতের ওপর।
জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ২৫ মার্চ, প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডের দিন। চানাগো যখন অত্যন্ত গুরুত্বের সাথে বক্তৃতা দিচ্ছিলেন, ঠিক তখনই ঘটে সেই কাণ্ড। কথা বলতে বলতে হঠাৎ করেই তার উপরের পাটির ভিনিয়ার ঢিলে হয়ে বেরিয়ে আসে। মুহূর্তে তার স্বর জড়িয়ে যায়, কথা অস্পষ্ট হয়ে পড়ে। কিন্তু ১৮ বছরের এই কিশোরী দমে যাননি। এক নিমেষের জন্য ঘুরে দাঁড়িয়ে তিনি দ্রুত নিজের দাঁত ঠিক করে নেন এবং কোনও রকম বিচলিত না হয়ে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে মঞ্চে ফের ক্যাটওয়াক শুরু করেন।
শনিবারের চূড়ান্ত পর্বে সেই ঘটনারই পুনরাবৃত্তি করে তিনি প্রমাণ করে দিলেন যে, ভুল বা দুর্ঘটনাকে ভয় না পেয়ে বরং তা নিয়ে হাসাহাসি করার সাহস থাকলেই সত্যিকার অর্থে জয়ী হওয়া যায়। গোলাপী ঝকঝকে গাউন আর পশমি শালের সাজে তার সেই আত্মবিশ্বাসী ক্যাটওয়াক দেখে গ্যালারি ফেটে পড়ে করতালিতে। সেখানে উপস্থিত একজন দর্শক আবেগাপ্লুত হয়ে বলেন, "আমরা একটা ব্যাড হেয়ার ডে সামলাতে গিয়ে নাজেহাল হই, আর চানাগো যেভাবে পুরো পরিস্থিতি সামলে নিলেন, তা সত্যিই আইকনিক।" অন্য একজন দর্শক মুগ্ধ হয়ে জানান যে, এমন পরিস্থিতিতে অনেকে লজ্জায় মরে যেতেন, কিন্তু চানাগো যেভাবে নির্বিকার থেকে নিজের কাজ চালিয়ে গেছেন, তা অবিশ্বাস্য।
এই ঘটনা নিয়ে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র সংবাদমাধ্যম 'পিপল'-কে জানিয়েছেন যে, মঞ্চে দাঁত খুলে পড়ার মতো অপ্রত্যাশিত ঘটনার সময়ও চানাগো যে পেশাদারিত্ব এবং ধৈর্য দেখিয়েছেন, তাতে তারা গর্বিত। ৭৭ জন প্রতিযোগীর মধ্যে শেষ পর্যন্ত চোনবুরি প্রদেশের পাত্তামা জিতসাওয়াত মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬-এর মুকুট জিতলেও, চানাগো জিতে নিয়েছেন বিশ্বজুড়ে মানুষের হৃদয়। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক আসরে পাত্তামা দেশের প্রতিনিধিত্ব করবেন, তবে কামোলোয়ান চানাগোর সেই 'দাঁত ফিরে পাওয়ার' মুহূর্তটি প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সাহসী ও মজার ঘটনা হিসেবে থেকে যাবে।















