আজকাল ওয়েবডেস্ক: ভেনেজুয়েলার পর এবার জাপান। কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল গোটা শহর! দুলে উঠল বহুতল আবাসন। আতঙ্কে তড়িঘড়ি বহুতল আবাসন ছেড়ে রাস্তায় হাজার হাজার মানুষ। যদিও এখনও ক্ষয়ক্ষতির মাত্রা জানা যায়নি। হতাহতের খবর নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াতে উপকূলের নিকটবর্তী এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৬.৯। প্রাথমিকভাবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলীয় অঞ্চলে এখন পর্যন্ত কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের উপকূলীয় শহর কুজি থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটের দিকে জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এদিন জাপানের উত্তর-পূর্বে তোহোকু এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। যদিও হতাহতের ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তড়িঘড়ি সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক হাজার কিলোমিটার দূরে টোকিওতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সানরিকু উপকূলের কাছে। ভূমিকম্পের জেরে উপকূলে প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। বিশেষত ইওয়াতে ও হোক্কাইডো অঞ্চলে সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা বেশি।
ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর ইওয়াতের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) উচ্চতার একটি সুনামির ঢেউ আঘাত হানে। ভূমিকম্পের জেরে টোকিও থেকে আওমোরি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছিল।















