আজকাল ওয়েবডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন-ইজরায়েলি যৌথ হামলায় নিহত আয়াতোল্লা আলি খেমানেই। যা নিয়ে গোটা দুনিয়ায় তোলপাড় পড়েছে। খামেনেই-য়ের মৃত্যুর ভয়ঙ্কর আঁচ এবার পাকিস্তানে। উত্তাল করাচি। ইরানের বিরুদ্ধে হামলা ও খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে করাচি, লাহোরে মার্কিন কনস্যুলেট বাইরে বিক্ষোভ দেখায় জনতা। করাচির মার্কিন কনস্যুলেটের প্রবেশপথে হামলাও চালানো হয় বলে অভিযোগ। এমনকী আগুনও ধরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বিক্ষোভের সময় সংঘর্ষে কমপক্ষে নয় (৯) জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বহু।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, করাচির সিভিল হাসপাতালে কমপক্ষে নয়'টি মৃতদেহ আনা হয়েছে।

করাচির মাই কোলাচি রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলার ভিডিও রীতিমত ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে যে, দূতাবাসের বাইরে রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এক সময়ে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়তে শুরু করে, তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ছোঁড়ে। 

আরেকটি ভিডিও-তে দেখা গিয়েছে, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে।

">

শুধু করাচিই নয়, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর গিলগিটে বিক্ষোভকারীরা রাষ্ট্রসংঘের একটি অফিস ভবনে আগুন ধরিয়ে দেয়এই অঞ্চলে বসবাসকারী অধিকাংশ শিয়া সম্প্রদায়ের। এই শহর পর্যটকদের কাছে হিমালয় শৃঙ্গের জন্য পরিচিত। স্থানীয় সরকারের মুখপাত্র শাব্বির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, "গিলগিটে রাষ্ট্রসংঘের অফিসের বাইরে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয় এবং ভবনটি পুড়িয়ে দিয়েছে।" তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিক্ষোভর আঁচ ছড়িয়েছে লাহোরেও।শত শত বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হয়েছিল কিন্তু কোনও হিংসার খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শী আকিল রাজা বলেছেন, “কিছু বিক্ষোভকারী কনস্যুলেটের শত শত গজ দূরে অবস্থিত নিরাপত্তা গেটটির ক্ষতি করার চেষ্টা করেছিল। তবে, পুলিশ কোনও বলপ্রয়োগ ছাড়াই তাদের বাধা দেয়।”  

রবিবার বিকেলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

খামেনেই হত্যার প্রতিবাদ হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং লক্ষ্ণৌতে। বিশিষ্ট শিয়া ধর্মগুরু মাওলানা ইয়াসুব আব্বাস এই হত্যাকে গোটা বিশ্বর জন্য "অত্যন্ত দুর্ভাগ্যজনক" বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "রবিবার রাত ৮.৩০ টায় লখনউয়ের ইমামবাড়ায় বৃহৎ আকারের বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হবে। অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড তিন দিনের শোক ঘোষণা করেছে। সকল মুসলিম কালো পোশাক পরবে এবং বাড়িতে কালো পতাকা টাঙানো হবে।"  

জম্মু ও কাশ্মীরে, শ্রীনগর, বান্দীপোরা, অনন্তনাগ এবং পুলওয়ামায় বিক্ষোভ হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।  তিনি বলেন, "এই ঘটনার জেরে জম্মু ও কাশ্মীরে শোকাহতদের শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করার অনুমতি নিশ্চিত করতে হবে। পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ সংযম প্রদর্শন করা উচিত এবং বলপ্রয়োগ বা বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকা উচিত।"

ভারতে অবস্থিত ইরানের দূতাবাস, সেদেশের সর্বোচ্চ নেতার হত্যাকে "অমার্জনীয় অপরাধ" বলে অভিহিত করেছে। আরও বলা হয়েছে যে, "ভারতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস বিশ্বজুড়ে স্বাধীন এবং স্বাধীনতাকামী সরকারগুলিকে এই নির্মম অপরাধের তীব্র নিন্দা জানাতে এবং আইনশৃঙ্খলা ও আগ্রাসনের মুখে নীরব থাকা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।"