আজকাল ওয়েবডেস্ক: লেবাননের রাজধানী বেইরুটে বিমান হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলের দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইজরায়েলের হাইফা সংলগ্ন একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। তারপরই এই পাল্টা আঘাত হানা হয়েছে।
সোমবার ভোরে হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যার প্রতিশোধ হিসেবে এবং ‘লেবানন ও তাঁর জনগণের সুরক্ষা’ নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি হিজবুল্লাহর তরফে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে চলা ইজরায়েলি হামলার জবাব দিতেই এই পদক্ষেপ।
এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, ‘ইজরায়েলের আগ্রাসন ও আমাদের নেতা-কর্মীদের হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার আমাদের রয়েছে।’ তারা আরও অভিযোগ করে, ইজরায়েল গত ১৫ মাস ধরে লেবাননের অধিকৃত অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্যে বড় আকারের আঞ্চলিক সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা বেড়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল, অন্যদিকে ইরান ও তার মিত্র দেশগুলি।
উল্লেখ্য, ২০২৪ সালের সংঘাতে হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তাদের বহু শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক নেতা নিহত হন। ফলে বর্তমান সংঘাতে তারা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
হিজবুল্লাহর হামলার পর ইজরায়েল দক্ষিণ বেইরুটসহ লেবাননের বিভিন্ন স্থানে এয়ার স্ট্রাইক করে। দক্ষিণের একাধিক গ্রাম ও পূর্বের বেকা উপত্যকা এলাকায়ও আঘাত হানা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা’ চালানো হচ্ছে। তবে উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ লেবাননকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
পরে ইজরায়েল জানায়, বেইরুট এলাকায় হিজবুল্লাহর ‘সিনিয়র’ সদস্যদের এবং দক্ষিণ লেবাননে একজন ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইজরায়েল দক্ষিণ লেবাননের ৫০টির বেশি গ্রাম, এর মধ্যে বিনত জবেইল এবং বেকা উপত্যকার বাসিন্দাদের বাড়ি ছেড়ে অন্তত ১ কিলোমিটার দূরে সরে যেতে নির্দেশ দিয়েছে। বিশাল এলাকা জুড়ে এই সতর্কতা জারি হওয়ায় ব্যাপক ঘরছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
২০২৪ সালের নভেম্বরে ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও লেবাননের অভিযোগ, ইজরায়েল প্রায় প্রতিদিনই সেই চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে।
জানুয়ারিতে বেইরুট সরকার জাতিসংঘে অভিযোগ দায়ের করে জানায়, ২০২৫ সালের শেষ তিন মাসে ইজরায়েল ২০৩৬ বার তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সন্দেহজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এই হামলা লেবাননের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই অজুহাতে ইজরায়েলও হামলা করার সুযোগ পাচ্ছে।’
তিনি আরও জানান, লেবাননকে নতুন সংঘাতে জড়াতে দেওয়া হবে না। দরকারে গ্রেপ্তারের মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
