আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সতর্কবাণী দিয়েছেন। এরপরেই কয়েক দশকের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের বৃহত্তম বহর তৈরি করছে আমেরিকা। তবে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীতে থাকা প্রায় ৫,০০০ নাবিকের জন্য ইরানের সঙ্গে সংঘাত নগণ্য সমস্যা। এর চেয়ে অনেক বেশী প্রতিকূলতার তাঁদের রোজ সম্মুখীন হতে হচ্ছে। ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড গত বছরের জুন মাস থেকে সমুদ্রে রয়েছে। ট্রাম্প দ্বিতীয়বার জেরাল্ডের মোতায়েনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের ফলে বহু সমস্যা তৈরি হয়েছে। জাহাজের টয়লেট বন্ধ হয়ে গিয়েছে, পয়ঃনিষ্কাশনের সমস্যা তৈরি হয়েছে। সমস্যার তালিকা আরও দীর্ঘ হচ্ছে।
জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করার ক্ষেত্রে ফোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অভিযানের পর, ক্রুরা জানতে পারে যে ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার জন্য তাদের মোতায়েনের সময়কাল বাড়ানো হবে এবং এখন তাঁদের অন্য একটি বহরে যোগ দিতে মধ্যপ্রাচ্যের দিকে যেতে হবে।
৮ মাস সমুদ্রে কাটানোর ফলে জাহাজের উপর প্রভাব পড়তে শুরু করেছে। রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত থাকায় জানুয়ারিতে ক্যারিয়ারের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। ১৩ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ক্যারিয়ারের টয়লেট কাজ করছে না। নাবিকরা নিজেরাই কোনও রকমে সারাই করে কাজ চালাচ্ছেন।
জাহাজে থাকা একজন নাবিক একটি সংবাদমাধ্যম জানিয়েছেন, ক্রু সদস্যরা সকলেই ক্ষুব্ধ এবং বিরক্ত। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই তাঁরা নৌবাহিনী ছেড়ে চলে যেতে চান। জাহাজে থাকা বেশিরভাগ নাবিকই ২০ বছরের কম বয়সী পুরুষ ও মহিলা। জাহাজের চলাচলে গোপনীয়তা বজায় থাকায় তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, সাধারণত শান্তির সময়কালে একটি ক্যারিয়ার ৬ মাস মোতায়েন করা হয়। ফোর্ডের নাবিকরা ৮ মাস ধরে সমুদ্রে রয়েছেন এবং এই সময়কাল ১১ মাস পর্যন্ত বাড়তে পারে, যা মার্কিন নৌবাহিনীর জাহাজের একটানা মোতায়েন থাকার রেকর্ড ভেঙে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে বর্তমানে ওয়াশিংটনের এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে একটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, ন’টি ডেস্ট্রয়ার এবং তিনটি উপকূলীয় যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান বহনকারী এবং হাজার হাজার নাবিক দ্বারা পরিচালিত দু’টি মার্কিন বিমানবাহী রণতরী থাকা বিরল ঘটনা।
