আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে বিভিন্ন শহরে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। ইরানের তেহরান শহরে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত সরকার। ৩ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এক অ্যাডভাইজরিতে জানানো হয়েছে তেহরানে থাকা অধিকাংশ ভারতীয় ছাত্রছাত্রীকে শহরের বাইরে তুলনামূলক নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। 

 

ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। দূতাবাসের পক্ষ থেকে ইরানে অবস্থিত ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পরিবহণের পাশাপাশি ব্যাবস্থা করা হয়েছে পর্যাপ্ত খাবারের, এবং করা হয়েছে থাকার ব্যবস্থাও। 

 

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় সকল ইরানে অবস্থিত ভারতীয় ছাত্রছাত্রীদের তুলনামূলক নিরাপদ স্থানে স্থানান্তর করা গিয়েছে। অল্প কয়েকজন ছাত্রছাত্রী দূতাবাসের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁরা আপাতত তেহরানেই রয়েছেনা। তবে তাঁদের সঙ্গে ভারতীয় দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। 

শুধু ছাত্রছাত্রীরা নয়, যাঁরা এখনও ইরানে রয়েছেন, হয়ত কর্মসূত্রে বা অন্য কোনও কারণে, সেই সকল ভারতীয় নাগরিকদের জন্য আগের জারি করা পরামর্শ অপরিবর্তিত রয়েছে। দূতাবাস স্পষ্টভাবে কতগুলি নির্দেশ দিয়েছে। যিনি ইরানের যে প্রান্তেই আছেন, তাঁকে সেখানেই থাকতে বলা হচ্ছে। যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি দূতাবাস এও জানিয়েছে, যে জানলা থেকে যতটা সম্ভব দূরে যেন থাকেন তাঁরা। বিক্ষোভ বা প্রতিবাদস্থল এড়িয়ে চলার সঙ্গে এও জানানো হয়ছে যেন সব সময়ে তাঁরা সতর্ক থাকেন। ভারতীয় দূতাবাস সবসময়ে তৈরি তাঁদের সাহায্য করার জন্য। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যে কোনও পরিস্থিতিতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশও তাঁরা দিয়েছেন। 

 

এই নির্দেশাবলি থেকে স্পষ্ট, পরিস্থিতিকে এখনও স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছে ভারতীয় কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের আগাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে, সম্ভাব্য বিপদের আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াই ছিল অগ্রাধিকার। তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে দূতাবাসের এই সতর্কবার্তা স্পষ্ট করে দিচ্ছে, যে বর্তমান পরিস্থিতিতে অযথা বাইরে বেরোনো বা ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়া থেকে বিরত থাকা জরুরি। 

 

যাঁরা এখনও ইরানে রয়েছেন, তাঁদের দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তবে আপাতত নিরাপত্তাই প্রধান বিবেচ্য, এমনটাই বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস। 

 

দূতাবাস ইরানে থাকা ভারতীয়দের জন্য একাধিক জরুরি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে:

+৯৮৯১২৮১০৯১১৫

+৯৮৯১২৮১০৯১০৯

+৯৮৯১২৮১০৯১০২

+৯৮৯৯৩২১৭৯৩৫৯

এছাড়া ইমেলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে: cons.tehran@mea.gov.in