আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চরম হুঁশিয়ারি দিলেন ইরানকে। ট্রাম্প হুমকির সুরে বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তবে ইরানের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প এমনই হুমকি দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মানে আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করার জন্য ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্তে হুমকি দিচ্ছে। ইরান যদি এই হুমকি কার্যকর করার পদক্ষেপ নেয়, তবে তাদের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এক বছর মেয়াদের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, তারা ইচ্ছুক ও সক্ষম রয়েছে। প্রয়োজনে এই মেয়াদের সীমা আরও বাড়ানো হবে। মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেবে।’ উল্লেখ্য, ট্রাম্পের এই হুমকির আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্য ইরান সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে। এই সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য আমেরিকাকে দিয়েছে ইজরায়েল।
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন এই তথ্য দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য আরেকটি সূত্র জানিয়েছে, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আমেরিকা কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিক গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইজরায়েলের কাছ থেকে পাওয়া এই সতর্কবার্তা একেবারেই নতুন এবং এটি একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত।
অবশ্য অন্য কয়েকজন মার্কিন কর্মকর্তা ভিন্ন একটি ইঙ্গিত দিয়েছেন। তাঁরা বলছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে কি না, ট্রাম্প এখন সেই সিদ্ধান্ত নিয়ে ভাবছেন।
ট্রাম্পের সেই সিদ্ধান্ত প্রভাবিত করতেই ইজরায়েল হয়ত এই তথ্য সামনে এনেছে। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।
মার্কিন সরকার দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে। এ ছাড়া সাম্প্রতিক ইরান যুদ্ধে ইজরায়েল-মার্কিন হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি নিহত হন। গত বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য় সম্পন্ন হয়েছে।
ওই শোকমিছিলে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনায় ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা চালাতে পারে, অনেকের মধ্যে এমন আশঙ্কা জোরালো হয়েছে।
গত বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আমেরিকার নেতাকে, অর্থাৎ আমাকে সরিয়ে দিতে চায়। আমি হিটলিস্টে আছি। আজ সকালেই আমি দেখলাম, তাদের প্রতিটি তালিকায় আমার নাম রয়েছে। এখন পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান, তবে ভাগ্য হয়ত সব সময় সহায় নাও থাকতে পারে।’















