আজকাল ওয়েবডেস্ক: শনিবার ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে ইরানের সামরিক কমান্ড। তার পরই ভারতের দু'টি জ্বালানিবাহী জাহাজের উপর গুলিবর্ষণ করল ইরানের রেভোলিউশনারি গার্ড।  

সংবাদসংস্থা পিটিআই-এর খবর, ভারতের দু'টি জ্বালানিবাহী সুপারট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড। ওই জাহাজ ২ মিলিয়ন ব্যারেল ইরাকি তেল নিয়ে সেই সময় হরমুজ প্রণালী পেরোচ্ছিল। সেই সময় ওই জাহাজগুলি লক্ষ্য করেই মুহুর্মুহু গুলি চালায় ইরানের রেভোলিউশনারি গার্ড। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্তত এমনই জানা গিয়েছে জাহাজ নজরদারি সংস্থা 'ট্যাঙ্কার ট্র্যাকস ডট কম' সূত্রে। ফলে জাহাজগুলি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।  

এ দিন ব্রিটিশ সামরিক বাহিনীর তরফেও ইরান রেভোলিউশনারি গার্ডের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ জানানো হয়। তাদের দাবি, হরমুজ দিয়ে যাতায়াতের সময় দু’টি পণ্যবাহী ট্যাঙ্কারে গুলি চালানো হয়। ওমানের উত্তর-পূর্ব উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরেই ঘটে ঘটনাটি। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হরমুজ় পেরোতে না পেরে ফিরে যায় চার ভারতীয় এবং দু’টি গ্রিক জাহাজ। তবে কেন জাহাজগুলি যাত্রাপথ পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট নয়। সব মিলিয়ে হরমুজ় নিয়ে জটিলতা অব্যাহতই রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।  

প্রসঙ্গত, শনিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফও এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘আমেরিকা অবরোধ চালিয়ে গেলে হরমুজ় প্রণালীও খুলবে না।’’ ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে জাহাজগুলিকে যাতায়াত করতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে দাবি করেন, ট্রাম্প একের পর এক মিথ্যা বলে চলেছেন। এক ঘণ্টায় তিনি ইরান সম্পর্কে সাতটি মিথ্যা দাবি করেছেন বলেও অভিযোগ তাঁর। ঠিক তার পরেই ইরানের জাতীয় টেলিভিশনে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড ক্রপস (আইআরজিসি) বিবৃতি দিয়ে বলেছে, "আমেরিকা তাদের কথা রাখেনি। ইরানের বন্দর থেকে আসা-যাওয়ার সময় এখনও জাহাজগুলিকে আটকাচ্ছে আমেরিকা। এমনকি সেখানে অবৈধ কার্যকলাপও চালিয়ে যাচ্ছে। তাই একরকম বাধ্য হয়েই হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে ইরান। দেশের সেনাবাহিনীর হাতেই রয়েছে রাশ।

আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি-র বার্তা, "যতক্ষণ না আমেরিকার নৌ-অবরোধ হরমুজ প্রণালী থেকে সরছে, ততক্ষণ এই ব্যবস্থাই কার্যকর থাকবে।" আশঙ্কা, পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ যাতায়াতের ক্ষেত্রে আইআরজিসি-কে আগের মতোই নির্ধারিত অর্থ জমা দিতে হবে। 

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)