আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর ভার্মা বলেন, বন্ধুত্বকে হাতিয়ার করে দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে গতি আসবে। দু’‌দেশের প্রধানমন্ত্রীদের সুযোগ্য নেতৃত্বে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে ভারত ও বাংলাদেশ একযোগে কাজ করবে।
 হাছান মাহমুদ বলেন, ভারত সবসময়ই সবদিক থেকে বাংলাদেশের পাশে থেকেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে ভারতের পূর্ণ সমর্থন ছিল। ভারতের বিদেশমন্ত্রী ড. জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর প্রথম ভারত সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।