আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে ট্রেনে অগ্নিসংযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? রাজধানী ঢাকার তেজগাঁও রেলস্টেশনে হরতাল সমর্থকরা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগিয়ে দেয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এই জানিয়েছেন। ট্রেনের একটি বগি থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে ট্রেনটিতে আগুন দেখতে পান তারা। আগুন লাগার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন মহিলা ও একটি শিশু। ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ‘হরতাল সমর্থকরা তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয়। ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে এই খবর আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩টি ইউনিট পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
Bangladesh: বাংলাদেশের তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগ, ৪ জনের মৃত্যু
















