আজকাল ওয়েবডেস্ক: হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ওই সময়ে হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন বলে জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
ঘটনা প্রসঙ্গে মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, শনিবার হোয়াইট হাউসের সামনে গুলি চালানোর যে ঘটনা ঘটেছিল, পালটা গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। সঙ্গেই জানানো হয়েছে, শনিবার সন্ধে ছ'টার কিছু পর, এক ব্যক্তি আচমকা ব্যাগ থেকে বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তবে মুহূর্তেই পাল্টা গুলি চলে তাঁর দিকেও। সন্দেহভাজন ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁর মৃত্যু হয়।ওই যুবকের বয়স ২১ বছর। নাম নাসির বেস্ট।
গত একমাসের মধ্যে, এই নিয়ে হোয়াইট হাউসের সামনে তিনবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর আগে, এপ্রিলে হোয়াইট হাউস করেসপোন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এবং মে মাসের শুরুর দিকে ওয়াশিংটন মনুমেন্টের কাছে গুলি চালানোর মতো আতঙ্কের ঘটনা ঘটে এবং ওইসব এলাকার মুহূর্তে তীব্র আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের কোনও কর্মকর্তা গোটা ঘটনার সময়কালে আহত হননি এবং সে সময় হোয়াইট হাউসের ভিতরে ট্রাম্প থাকলেও, এই ঘটনা তাঁর উপরে প্রভাব ফেলেনি।
শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকরা পরপর কয়েকটি গুলির শব্দ শোনার কথা জানান। তারপরেই শুরু হয় হইচই। তাঁদের তৎক্ষণাৎ নির্দিষ্ট জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুরু হয় তল্লাশি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, কর্মকর্তারা গুলির ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ইতিমধ্যেই। তদন্ত চলছে। তিনি তথ্যের আপডেট জানাতে থাকবেন।















