আজকাল ওয়েবডেস্ক: মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দমবার লোক নন মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, বিভিন্ন দেশের পণ্যের উপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন, তা বেআইনি বলে ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এরপরেই কড়া ভাষায় আদালতের সমালোচনা করেছেন এবং পাল্টা আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
এটা ঘটনা, মার্কিন আইন বিশেষজ্ঞদের মতে, কাজটা এত সহজ হবে না। জাতীয় জরুরি অবস্থার জন্য ব্যবহৃত আইন প্রয়োগ করে বিভিন্ন দেশের উপর আমদানি শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। আদালত তাকে বেআইনি বলেছে। এই শুল্কই ছিল ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির অন্যতম স্তম্ভ। ফলে টাকা ফেরত পাওয়ার রাস্তা দীর্ঘ হতে পারে।
২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক আমদানি শুল্ক বাবদ ট্রাম্পের আয় হয়েছে ১৩.৩৫ হাজার কোটি ডলার। শুল্ককে বেআইনি বললেও টাকা ফেরতের বিষয়টি স্পষ্ট করেনি আমেরিকার আদালত। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে নিম্ন আদালতগুলি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য আদালতের উপরেও বিষয়টি ছাড়া হতে পারে। তবে নিজে থেকে যে টাকা ফেরত চলে আসবে না, তা একপ্রকার নিশ্চিত।
ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাজারের বেশি সংস্থা টাকা ফেরতের জন্য আইনি লড়াই শুরু করেছে। এই বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘আগামী পাঁচ বছর ধরে আমাদের সকলকে কোর্টের চক্কর কেটে বেড়াতে হবে।’
মার্কিন আইন উল্লেখ করে ট্রাম্প জানিয়েছেন, ১২২ নম্বর ধারার অধীনে আরোপিত স্বাভাবিক শুল্কের উপরে ১০ শতাংশ আন্তর্জাতিক শুল্ক তিনি আরোপ করছেন। শুল্ক আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এটা ঘটনা, ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপের সময় ট্রাম্প ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারার কথা উল্লেখ করেছেন। কিন্তু এই ধারাও মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া বেশি দিন বলবৎ থাকবে না। সর্বোচ্চ ১৫০ দিন এই শুল্ক কার্যকর হতে পারে। তার পরেও তা চালিয়ে যেতে চাইলে কংগ্রেসের অনুমোদন আনতে হবে ট্রাম্পকে।
