আজকাল ওয়েবডেস্ক: নিজেকে যিশু ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিশুর মতো সাজে সোমবার একটি ছবি পোস্ট করেছেন তিনি। যদিও ছবিটি এআই দিয়ে তৈরি। ট্রাম্পের এহেন কীর্তিতে রীতিমতো রেগে আগুন চতুর্দশ পোপ লিও।
সোমবার ট্রুথ প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। যেখানে যিশুর মতো পোশাকে দেখা গেছে তাঁকে। মাথার চারপাশে ঐশ্বরিক আলো। তাঁর হাত রয়েছে এক রোগীর মাথায়। যেন হাত দিয়ে ছুঁয়েই তাঁকে সারিয়ে তুলছেন। পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। আশেপাশে অনেকেই ট্রাম্পের পায়ের কাছে বসে প্রার্থনা করছেন। ঠিক যেমন যিশুর পায়ের কাছে সকলে বসে থাকেন। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
এই ছবিটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চতুর্দশ পোপ লিও নিন্দা করেছেন। পাল্টা ট্রাম্প জানিয়েছেন, তিনি পোপের মতামত নিয়ে চিন্তিত নন। কারণ পোপকে তিনি পছন্দ করেন না।
এর আগে ট্রাম্প বলেছেন, 'চতুর্দশ টোপ লিও একদমই ভাল কাজ করছেন না। তিনি অপরাধ পছন্দ করেন। এমন পোপকে আমি অপছন্দ করি, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন। আমি তাঁকে মোটেই পছন্দ করি না। তিনি একজন উদারপন্থী মানুষ, আবার অপরাধপ্রেমীও। অপরাধ দমনে পোপ লিও বিশ্বাস করেন না।'
এহেন দাবির পরেই ট্রুথ প্ল্যাটফর্মে যিশুর মতো সাজে, এআই দিয়ে তৈরি ছবিটি পোস্ট করেছেন ট্রাম্প। যা ঘিরে বিতর্ক তুঙ্গে। ট্রুথ প্ল্যাটফর্মেই ট্রাম্প লিখেছেন, 'অপরাধ দমনে পোপ লিও দুর্বল'।
এর আগে চতুর্দশ পোপ লিও সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, যুদ্ধ না বাড়িয়ে কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে। এরপরই ট্রাম্প বলেন, 'এমন পোপকে আমি অপছন্দ করি, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন।' যা ঘিরে পোপ ও ট্রাম্পের সংঘাত প্রকাশ্যে আসে।















