আজকাল ওয়েবডেস্ক: ফের আগ্রাসী রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ, ডনিপ্রো ও খারকিভ-সহ বিভিন্ন বড় শহরে ভয়াবহ রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে। "মস্কো ফের  ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে", ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্কবার্তার মাত্র কয়েক দিন পরেই এই হামলা হল।

ডনিপ্রো অঞ্চলের গভর্নর ওলেক্সান্দার হানঝা টেলিগ্রামে জানিয়েছেন, শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পরএকাধিক বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, গাড়িতে আগুন ধরে যায় এবং শিশুদের একটি খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরে অন্তত ৪ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। একটি ২৪ তলা বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আংশিক ধস নামে, ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ৯ তলা একটি ভবনেও আগুন লাগে এবং পরিকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

হামলার সময় হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ব্যাগ, গদি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন, যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করছিল।

এদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ইহর তেরেখভ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যা এখনও জারি রয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে শান্তি আলোচনায় বেশিদূর এগোয়নি।