আজকাল ওয়েবডেস্ক: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা 'বিগ বস'-এর অনুরাগ দোভালের। জনপ্রিয় ইউটিউবারও তিনি। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে আত্মহত্যার চেষ্টার লাইভ করেছিলেন। ভিন জাতের প্রেমিকাকে বিয়ের পর থেকেই পরিবারে চরম হেনস্থার শিকার হচ্ছেন বলেই অভিযোগ জানিয়েছেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অনুরাগের গ্যারেজ ভর্তি একাধিক দামি গাড়ি, বাইক করেছে। সোশ্যাল মিডিয়ায় 'রাইডার' নামে পরিচিত তিনি। 'বিগ বস ১৭'-এর প্রতিযোগী ছিলেন অনুরাগ। গতকাল শনিবার ফের আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। আগে একবার টানা পাঁচদিন না খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলেন। এবার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি। 

 

জানা গেছে, গতকাল কাঁদতে কাঁদতে ঘণ্টায় ১৫০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি। একের পর এক গাড়ি, ট্রাক ওভারটেক করছিলেন বেপরোয়া ভাবেই। এই সবটাই করছিলেন ইচ্ছাকৃতভাবে। এই সময় লাইভে আসেন। তাঁর চোখ ছলছল, লাল হয়ে গেছে। মানসিকভাবে যে বিপর্যস্ত, তা একনজরে দেখলেই বোঝা যাচ্ছে। 

 

লাইভে অনুরাগ বলেন, 'গত কয়েক মাসে আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। আমি কখনও ভাবিনি এভাবে হঠাৎ আমাকে ছেড়ে যাবে সবাই।' তিনি আগেই অভিযোগ জানিয়েছিলেন, ভিন জাতের প্রেমিকাকে বিয়ের পর থেকেই পরিবারে তুমুল মানসিক হেনস্থার শিকার হচ্ছেন তিনি। চরম নির্যাতনের অভিযোগ তুলেছেন মায়ের বিরুদ্ধে। একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি আগেই জানিয়েছিলেন, তাঁর মৃত্যুর জন্য পরিবারই দায়ী থাকবে। 

 

গতকাল গাজিয়াবাদের মাসুরি এলাকায় দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় ১৫০ কিমি বেগে টোয়োটা গাড়ি চালাচ্ছিলেন অনুরাগ। ইনস্টাগ্রামে লাইভে এসে তিনি মায়ের উদ্দেশে বলেন, 'পরের জন্ম যদি ফিরে আসি, তাহলে আমাকে একটু ভালবেসো মা। আমার সত্যিই ভালবাসা প্রয়োজন।' 

 

সেই লাইভটি ৮২ হাজার মানুষ দেখেছেন। সকলেই বেপরোয়া গতিতে গাড়ি চালাতেও নিষেধ করেছিলেন। এমনকী ফলোয়াররাও জানান, সকলেই তাঁর পাশে আছেন। সহায়তাও করবেন। এরপর ক্যামেরাটি রাস্তার দিকে ঘুরিয়ে অনুরাগ বলেন, 'চলো, এটাই শেষ ড্রাইভ আমার। গুড বাই...' এরপর কয়েকটি ট্রাক ওভারটেক করেই রাস্তার ধারে উল্টে যায় তাঁর গাড়িটি। 

 

স্থানীয়দের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে উদ্ধার করে মিরাটের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুরাগের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই চিকিৎসকরা জানিয়েছেন।