আজকাল ওয়েবডেস্ক: এআই সামিটে টি-শার্ট খুলে বিক্ষোভ দেখিয়েছিল যুব কংমগ্রেস কর্মীরা। যা নিয়ে বিতর্ক অব্য়াহত। দিল্লি পুলিশ আগেই দাবি করেছে যে, এই আন্দোলনের নেপথ্যে ছিল নেপালের জেন-জি বিক্ষোভের অনুপ্রেরণা। বৃহৎ ষড়যন্ত্রের লক্ষ্যেই এই কাজ হয়েছিল। এই ঘটনায় নয়া মোড়। মঙ্গলবার দিল্লি পুলিশ যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিবকে গ্রেপ্তার করেছে। যুব কংগ্রেস প্রধানকে বিক্ষোভের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশ, চিবকে তিলক মার্গ থানায় তলব করেছিল। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ দিন কংগ্রেস নেতাকে আদালতে হাজির করা হলে তাঁর চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে।

পুলিশের মতে, উদয় ভানু চিব বিক্ষোভ সম্পর্কিত সমস্ত তথ্য পেয়েছিলেন এবং বিক্ষোভ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জিজ্ঞাসাবাদের সময়, উদয় ভানু পুলিশের সঙ্গে সহযোগিতা করেননি বলে অভিযোগ। তিনি বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যান অথবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিলের মতে, চিবকে ভোর সাড়ে চারটে নাগাদ দিল্লি পুলিশ ধরে নিয়ে যায় এবং তিনি প্রায় ২০ ঘন্টা ধরে পুলিশ হেফাজতে রয়েছেন।

বিজেপি কংগ্রেসের নিন্দা করেছে
এ দিকে, বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারীও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, কংগ্রেসের ভারত-বিরোধী এবং উন্নয়ন-বিরোধী প্রচারের জন্য  নিন্দা করেছেন।

এক্স পোস্টে ভাণ্ডারী লিখেছেন, “রাহুল গান্ধীর বাবর ভারত-বিরোধী 'শের' গ্রেপ্তার! গ্লোবাল এআই সামিটে নগ্ন ভারত-বিরোধী বিক্ষোভে ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যুব কংগ্রেস প্রধান উদয় ভানুকে গ্রেপ্তার করা হয়েছে! ভারতের যুবসমাজ ‘নগ্ন’ কংগ্রেসকে ঘৃণা করে! বাবর শের জেলে “বাব্বর” আচরণ পাবে! কংগ্রেস ভারত-বিরোধী, উন্নয়ন-বিরোধী!” 

এআই সামিটে যুব কংগ্রেসের ‘জামা খুলে’ প্রতিবাদ
ভারতীয় যুব কংগ্রেসের কর্মীরা জাতীয় রাজধানীর এআই সামিটে ভারত মণ্ডপমে প্রতিবাদ বিক্ষোভ করেন, সেখানে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির উল্লেখ করে “প্রধানমন্ত্রী আপোস করেছেন” লেখা টি-শার্ট খুলে ভিন্নমত প্রকাশ করেন তারা।

এক বিবৃতিতে, ভারতীয় যুব কংগ্রেস- সংগঠনের কর্মীদের বিক্ষোভকে প্রশংসা করেন। অন্যদিকে, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে একাধিক রাজ্যে বিক্ষোভ করে। গেরুয়া শিবিরের দাবি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে।