আজকাল ওয়েবডেস্কঃ আনন্দের ঠিকানার খোঁজে সকলেই। দেশেও রয়েছে এমনই এক জায়গা। সম্প্রতি বিশ্বের সবচেয়ে আনন্দময় বা সুখী শহরের তালিকা প্রকাশ করেছে 'টাইম আউট' নামক একটি ভ্রমণ ওয়েবসাইট। ২০২৬ সালের জন্য শীর্ষ ১০-এর তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেখানেই রয়েছে দেশের এক শহরের নাম

'টাইম আউট' প্রকাশিত তালিকাটি সারা বিশ্বের ২৪ হাজারেরও বেশি মানুষের মতামত ও পর্যালোচনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেখানে শহরে জীবনযাত্রার মান, খাদ্য, সংস্কৃতি, সবুজের সমাহার, নৈশকালীন জীবন, সামাজিক সম্পর্ক এবং বাসিন্দাদের সার্বিক সন্তুষ্টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

বিশ্বের সেই সেরা ১০ দশের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ভারতের জয়পুর। যা ওই তালিকায় একমাত্র ভারতীয় শহর। তালিকায় থাকা প্রথম দশের শহরগুলি হল-

১। যুক্তরাজ্যের বাথ,

২। পানামার পানামা সিটি,

৩। মেক্সিকোর গুয়াদালাহারা

৪। কলম্বিয়ার মেদেয়িন

৫। পোল্যান্ডের ক্রাকো,

৬। ভারতের জয়পুর

৭। আমেরিকার শিকাগো

৮। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন।

৯। চীনের সাংহাই।

১০। সুইডেনের গোথেনবার্গ

 

কিন্তু কেন এই তালিকায় হঠাৎ 'পিঙ্ক সিটি'র স্থান?

১৭২৭ সালে মহারাজা সওয়াই দ্বিতীয় জয় সিংয়ের হাত ধরে গড়ে ওঠে জয়পুর। শহরের বিশেষ গ্রিড-ভিত্তিক নগর পরিকল্পনা, বিশাল রাজপ্রাসাদ এবং ঐতিহাসিক পাহাড়ি দুর্গের জন্য ইতিমধ্যেই মিলেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ-এর মর্যাদা। মূলত

শহরের ঐতিহ্য এবং সাংস্কৃতিক আবহ সারা বছর শহরে উৎসবের মেজাজ বজায় রাখে। বড় মেট্রো শহরগুলির তুলনায় জয়পুরের জীবনযাত্রা অনেক শান্তিপূর্ণ এবং কিছুটা ধীরগতিতে চলে। যা নাগরিকদের জীবন আরামদায়ক করে তোলে। শহরের বাসিন্দাদের মধ্যে সামাজিক মেলবন্ধন অটুট রয়েছে। কোনও সাম্প্রদায়িক ভেদাভেদ ছাড়াই গড়ে উঠেছে গভীর এক সামাজিক সম্পর্ক। এ ছাড়া, শহরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ এবং পর্যাপ্ত উদ্যান ও সবুজ পরিসর শহরের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করেছে।