আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে যাত্রাকালীন হেনস্থার স্বীকার তরুণী৷ এক ব্যক্তি তাঁর দিকে অভব্য ইঙ্গিত করছেন। ভিডিও সমাজমাধ্যমে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গত ১৫ মার্চ চাঙ্গানাচেরি থেকে এর্নাকুলামগামী ‘বাঞ্চিনাদ এক্সপ্রেস’-এ একা যাচ্ছিলেন এলিনা এলিজাবেথ কুরিয়ান।

সেই সফরের একটি ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন, এক প্রৌঢ় দীর্ঘক্ষণ ধরে তাঁর দিকে তাকিয়ে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করছিলেন। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ পেতেই উত্তাল নেটপাড়া। 

 ভিডিওটিতে দেখা যাচ্ছে, বছর পঞ্চাশ-ষাটের এক ব্যক্তি কামরার উল্টো দিকের সিটে বসে একদৃষ্টে এলিনার দিকে তাকিয়ে আছেন। তাঁর তাকানো এবং হাতের ভঙ্গি অত্যন্ত কুরুচিপূর্ণ বলে অভিযোগ। এলিনা সাফ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে পোশাকের কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, "আমি কী পরেছি, সেটা বড় কথা নয়। যদি কারও মনে হয় পোশাকের জন্যই এমনটা হয়েছে, তবে বুঝতে হবে সমস্যাটা তাঁদের মানসিকতায়।"

এলিনা জানিয়েছেন, এর আগেও এক প্রবীণ ব্যক্তির হাতে তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। সেবার ভয়ে মুখ খোলেননি। এবার অবশ্য তিনি দমে যাওয়ার পাত্রী নন। তিনি বলেন, তিনি ইতিধ্যেই এর্নাকুলাম সাউথ রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। ভিডিওটি প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা তাঁকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এলিনার কথায়, "আমি একা নই, বহু মহিলা রোজ এই পরিস্থিতির শিকার হন। লোকলজ্জা বা ভয়ের কারণে তাঁরা চুপ থাকেন। কিন্তু এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। আমরা অসহায় নই, আর চুপ থাকব না।"

এলিনার এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন হাজার হাজার মানুষ। ভিডিওটি ভাইরাল হতেই বহু মানুষ নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। 

একজন লিখেছেন, "কারও বাবা বা স্বামী যখন এমন কাজ করেন, তখন তা জনসমক্ষে আনা অত্যন্ত জরুরি।" অন্য একজন লিখেছেন, "অন্যায়ের প্রতিবাদ এভাবেই হওয়া উচিত।" রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।