আজকাল ওয়েবডেস্ক: নিজের আসল পরিচয় লুকিয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণ। ভোপালের বাগরোদায় নিজের আসল পরিচয় লুকিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আবেশ খান। সে নিজেকে ‘রাজা’ পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল।
অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবেশ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। শুধু তাই নয়, গোপনে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রেখেছিল সে। পরে তরুণী জানতে পারেন যে যুবকের নাম আসলে আবেশ। তখন তিনি সম্পর্ক ভেঙে দিতে চাইলে ওই ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল শুরু করে অভিযুক্ত। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত আবেশ উত্তরপ্রদেশের বাসিন্দা। সে বাগরোদার একটি টাইলস কারখানায় কাজ করত। গত রবিবার রাতে একটি হিন্দু সংগঠনের সদস্যরা আবেশকে পাকড়াও করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সেই মারধরের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভোপাল পুলিশের অতিরিক্ত ডিসিপি অনিল শর্মা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও এসসি/এসটি আইনে মামলা করা হয়েছে। তার মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আবেশ ভিডিও তোলার কথা স্বীকার করলেও, পুলিশ সমস্ত তথ্য খতিয়ে দেখছে।
এদিকে, হিন্দু সংগঠনগুলোর দাবি, ওই যুবকের ফোনে এরকম আরও অনেক তরুণীর ভিডিও পাওয়া গিয়েছে। যদিও পুলিশ এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, পরিচয় গোপন করে মেয়েদের ওপর অত্যাচার এবং ধর্মান্তকরণের মতো ঘটনা ভোপালে বেড়েই চলেছে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত চলছে।
















