আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর সাধারণ ঝগড়া হঠাৎই বদলে গেল মর্মান্তিক দুর্ঘটনায়। তেলেঙ্গনার কামারেড্ডি জেলায় স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। অভিযোগ, স্ত্রীকে আমিষ খাবার রান্না করতে বলায় কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই ধৈর্য্যচ্যুতি ঘটলে স্ত্রী কাস্তে দিয়ে কুপিয়ে খুন করেন স্বামীকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, ৩০ বছর বয়সী কোদান্দা শিবাজী এবং তাঁর স্ত্রী লক্ষ্মী গোসঙ্গী কলোনিতে থাকতেন। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, তাঁদের মধ্যে ছোট ছোট ঘটনা ঘিরে প্রায়ই কথা কাটাকাটি চলতেই থাকত। কখনও পারিবারিক কোনও বিষয় নিয়ে, কখনও নিজেদের অর্থনৈতিক অবস্থা নিয়ে, কখনও বা বাড়ির কাজ ভাগাভাগি নিয়ে ঝগড়া হত। কখনও কখনও ঝগড়া বদলে যেত হাতাহাতিতে।
গত শনিবার রাতে সেই ঝগড়ার চেহারাটা আরও ভয়াবহ হতে শুরু করে। শিবাজী দিনের শেষে ঘরে ফিরে স্ত্রীকে কিছু আমিষ খাবার রান্না করতে বলেছিলেন। কিন্তু লক্ষ্মীর তাতে সায় ছিল না। এই নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় বিবাদ। ধীরে ধীরে সেই কথা কাটাকাটি বদলে গেল হাতাহাতিতে।
সূত্রের দাবি, এরপরেই ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় লক্ষ্মীর। ঘর থেকে কাস্তে বার করে এনে এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করলেন শিবাজীর গলায় ও ঘাড়ে। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় তাঁর। সঠিক সময়ে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি। ফলে তিনি প্রাণ হারান।
এই মর্মান্তিক ঘটনা এলাকাবাসীদের স্তম্ভিত করে দিয়েছে। ওই দম্পতির দু’টি ছোট বাচ্চা রয়েছে। একজনের বয়স এক, অপরজনের দুই। এই প্রাণঘাতী ঘটনা তাদের চোখের সামনেই ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এখন তারা পিতৃহারা। তাদের মা এখন হাজতে। বাবা-মা ছাড়াই এখন তারা প্রতিবেশীদের কাছেই থাকছে।
খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। নিহতের মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানও হয়েছে সঙ্গে সঙ্গে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।















