আজকাল ওয়েবডেস্ক: বাংলার উল্টো ছবি উত্তরপ্রদেশে। শুক্রবার প্রকাশিত হয়েছে উত্তরপ্রদেশেরে চূড়ান্ত ভোটার তালিকা। 'বিশেষ নিবিড় সংশোধন' (এসআইআর) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উত্তরপ্রদেশের মোট ভোটারের সংখ্যা ৮৪ লক্ষেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গোবলয়ের এই রাজ্যের ভোটার সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ১৩.৩৯ কোটি।
উত্তরপ্রদেশেরে লোক ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানান, ২০২৫ সালের গত ২৭ অক্টোবর থেকে চলতি বছরের ১০ এপ্রিল পর্যন্ত এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া পরিচালিত হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় রাজ্যের ৭৫ জেলা, ৪০৩ বিধানসভা কেন্দ্র এবং সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
নবদীপ রিনওয়া জানান, ১৬৬ দিনব্যাপী এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে ৭৫ জন জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), ৪০৩ জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও), ১২,৭৫৮ জন সহকারী ইআরও, ১৮,০২৬ জন বিএলও সুপারভাইজার এবং ১,৭৭,৫১৬ জন বুথ-স্তরের আধিকারিকদের (বিএলও) সম্মিলিত প্রচেষ্টায়। এছাড়াও, স্বীকৃত রাজনৈতিক দলগুলোর ৫,৮২,৮৭৭ জন বুথ-স্তরের প্রতিনিধি এবং কোটি কোটি সাধারণ ভোটার এই কাজে সর্বতোভাবে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টায় মুদ্রণ, বৈদ্যুতিন এবং ডিজিটাল সংবাদমাধ্যমগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রিনওয়া জানান, গত ৬ জানুয়ারি (২০২৬) তারিখে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ১২,৫৫,৫৬,০২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৬.৮৮ কোটি, মহিলা ভোটারের সংখ্যা ৫.৬৭ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ছিল ৪,১১৯ জন।
১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা ছিল ৩,৩৩,৯৮১ জন এবং সেই সময় লিঙ্গ অনুপাত ছিল প্রতি ১,০০০ জন পুরুষ ভোটারের তুলনায় ৮২৪ জন মহিলা ভোটার।
আজ, ১০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে উত্তরপ্রদেশের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৩৯,৮৪,৭৯২ জনে। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭,৩০,৭১,০৭১ (প্রায় ৫৪ শতাংশ), নারী ভোটারের সংখ্যা ৬,০৯,০৯,৫২৫ (৪৫.৪৬ শতাংশ) এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪,২০৬ (০.০১ শতাংশেরও কম)।
১৮-১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা বেড়ে ১৭,৬৩,৩৬০-এ দাঁড়িয়েছে, যা মোট ভোটারের ১.৩২ শতাংশ। লিঙ্গ অনুপাতও উন্নত হয়ে প্রতি ১,০০০ পুরুষ ভোটারের বিপরীতে ৮৩৪ জন নারী ভোটারের পর্যায়ে পৌঁছেছে।
খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করে রিনওয়া জানান, মোট ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৪,২৮,৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে ৪২,২৭,৯০২ জন, নারী ভোটারের সংখ্যা ৪২,০০,৭৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৭ জন।
রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, ১৮-১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪,২৯,৩৭৯ জন। অন্যদিকে লিঙ্গ অনুপাত ৮২৪ থেকে ১০ পয়েন্ট বেড়ে ৮৩৪-এ উন্নীত হয়েছে।
জেলাগুলোর মধ্যে প্রয়াগরাজে ভোটারের সংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে (৩,২৯,৪২১ জন)। এরপরই রয়েছে লখনউ (২,৮৫,৯৬১ জন), বরেলি (২,৫৭,০০০ জন), গাজিয়াবাদ (২,৪৩,৬৬৬ জন) এবং জৌনপুর (২,৩৭,৫৯০ জন)।
মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) বলেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সফল সমাপ্তি রাজ্যজুড়ে নির্বাচনী আধিকারিক, রাজনৈতিক দল এবং ভোটারদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।
















