আজকাল ওয়েবডেস্কঃ চলতি মরশুমে আবহাওয়ার গতিবিধি বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এ বার বর্ষা বেশ দুর্বল। বাতাসে তীব্র আর্দ্রতা এবং বৃষ্টির ঘাটতিতে নাজেহাল শহরবাসী। আর তার জন্যই ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। যা নিয়ে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, স্থানীয়রা গাধাদের পেট পুরে গুলাব জামুন বা পান্তুয়া খাইয়েছেন। বৃষ্টির আশায় দেবতা দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতেই নাকি এই অদ্ভুত ও প্রাচীন প্রথার শরণাপন্ন হয়েছেন তাঁরা। সম্প্রতি ভোপালের আচার-অনুষ্ঠানের সেই ভিডিও সেই ভিডিও সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, বহুসংখ্যক স্থানীয় বাসিন্দা একজায়গায় জড়ো হয়ে গাধাদের মুখে সযত্নে মিষ্টি তুলে দিচ্ছেন। এই অদ্ভুত দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক পথচারীরা। তাঁদের মধ্যে কিছুজনই এই ঘটনা ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে শেয়ার করেছেন।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, এটি একটি বহু প্রচলিত এবং পুরনো লোকবিশ্বাস। যখনই বর্ষা দেরিতে আসে কিংবা বৃষ্টিপাতে ঘাটতি হয়, তখনই এই আচার পালন করা হয়। মনে করা হয়, এর ফলে বৃষ্টির দেবতা ভগবান ইন্দ্র সন্তুষ্ট হবেন। খরা পরিস্থিতিও কাটিয়ে উঠে শুরু হবে বর্ষাকাল।

 

যদিও আবহাওয়াবিদদের মত, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বৃষ্টির আসা না আসা পুরোটাই প্রাকৃতিক ও বায়ুমণ্ডলের পরিস্থিতির ওপর নির্ভর করে। ভারতের বহু অঞ্চলেই এই ধরনের প্রাচীন রীতিনীতি এখনও স্বমহিমায় পালন করা হয়। ভোপালবাসীদের আশা, তাঁদের এই প্রার্থনা ও ভক্তি বৃথা যাবে না। খুব শীঘ্রই বৃষ্টির দেখা মিলবে।