আজকাল ওয়েবডেস্ক: কারুরের মর্মান্তিক পদপিষ্ট-কাণ্ডের প্রায় নয় মাস পর ফের সেই শহরে পা রাখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান বিজয়। শুক্রবার কারুরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি নিয়োগপত্র তুলে দিতে গিয়ে তিনি একদিকে যেমন ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেন, অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন এবং বিরোধী ডিএমকে-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
বিজয় বলেন, কারুরের সেই দুর্ঘটনার স্মৃতি এখনও তাঁকে তাড়িয়ে বেড়ায়। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “কারুরের পদপিষ্ট-কাণ্ড আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা আমাদের বোনদের সন্তানদের হারিয়েছি। এই ক্ষতি কোনও দিন ভোলা সম্ভব নয়।”
উল্লেখ্য, গত বছরের নির্বাচনী প্রচারের সময় কারুরের ভেলুসামিপুরম এলাকায় বিজয়ের জনসভায় হাজার হাজার সমর্থক ও অনুরাগী ভিড় করেছিলেন। সেই সময় হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিশু এবং বিজয়ের বহু কিশোর অনুরাগীও ছিল। এছাড়া শতাধিক মানুষ আহত হন। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই।
পুলিশের বিরুদ্ধে প্রশ্ন
বিজয় স্পষ্টভাবে জানিয়ে দেন, এই দুর্ঘটনার জন্য তাঁর দলকে দায়ী করা ঠিক নয়। তাঁর দাবি, জনসমাগম নিয়ন্ত্রণ করা পুলিশের দায়িত্ব ছিল এবং প্রশাসন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, “আমি পুলিশের উপর ভরসা করেছিলাম যে তারা পরিস্থিতি সামলাবে। কিন্তু শেষ পর্যন্ত আমাকেই মৃত্যুর জন্য দায়ী করা হল।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, যদি প্রশাসন আগেভাগে তাঁর দলকে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে সতর্ক করত, তাহলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। পরিবর্তে ঘটনার পর দায় এড়াতে নাটক করা হয়েছে এবং দোষ চাপানোর চেষ্টা হয়েছে।
নিহতদের স্মৃতিতে স্মৃতিসৌধ
কারুর সফরে বিজয় ঘোষণা করেন, পদপিষ্ট-কাণ্ডে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে তাঁর দল টিভিকে-র পক্ষ থেকে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তিনি বলেন, “কারুর আমার হৃদয়ে চিরকাল থাকবে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে একটি স্মৃতিসৌধ গড়ে তোলা হবে।”
ডিএমকেকে কড়া বার্তা
এই সফরে মুখ্যমন্ত্রী ডিএমকে-র বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, বিরোধী দল এখনও ক্ষমতায় থাকার মানসিকতা নিয়ে চলছে এবং তাঁকে কারুরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছে।
বিজয় বলেন, “আপনারা যেন এখনও ক্ষমতায় আছেন, সেই ভাবেই আচরণ করছেন। কিন্তু মানুষ আপনাদের বিদায় দিয়েছে। এখন রাজ্যে টিভিকে সরকার রয়েছে।”
প্রসঙ্গত, বিজয়ের কারুর সফরের আগে ডিএমকে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে দাবি করেছিল, পদপিষ্ট-কাণ্ডের তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর সফর সাক্ষীদের প্রভাবিত করতে পারে। তবে আদালত বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করার পর ডিএমকে তাদের আবেদন প্রত্যাহার করে নেয়।
দুর্নীতির অভিযোগ ও উপনির্বাচনের বার্তা
ডিএমকে সরকারের আমলে প্রায় প্রতিটি দফতরে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন বিজয়। তাঁর দাবি, সরকারি টেন্ডারে ব্যাপক অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিরোধীরা বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজেও বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ তোলেন তিনি।
কারুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, ব্যালটের মাধ্যমে ডিএমকেকে কড়া জবাব দেওয়ার। উল্লেখ্য, প্রাক্তন এআইএডিএমকে নেতা এম আর বিজয়ভাস্কর বিধায়ক পদ ছেড়ে টিভিকে-তে যোগ দেওয়ার পরই করুর আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।















