আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তির পর বাঁকা চোখে তাকিয়ে ছিল নয়াদিল্লি। তাই ক্ষতে প্রলেপ দিতে মরিয়া ওয়াশিংটন। বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী জানালেন যে, বাংলাদেশকে আমেরিকা যেভাবে বস্ত্র-সম্পর্কিত বাণিজ্য সুবিধা দিচ্ছে, এবার ভারতও সেভাবেই বস্ত্র-সম্পর্কিত বাণিজ্য সুবিধা পাবে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনার অগ্রভাগে থাকা মন্ত্রী পিযূষ গোয়েল নিশ্চিৎ করেছেন যে, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশের মতো, ভারতীয় বস্ত্রও আমেরিকান তুলা দিয়ে তৈরি পোশাকের উপর শূন্য-শুল্ক সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারতের তরফ থেকে দাবি করা হয়েছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে লাভজনক বাণিজ্য চুক্তি আমেরিকা ভারতের সঙ্গেই করেছে। সব থেকে কম শুল্ক ধার্য হয়েছে ভারতীয় পণ্যের উপর। বাংলাদেশের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অঙ্কের হিসাবে সেটাই প্রমাণিত হয়। যদিও অঙ্কের পিছনে যে হিসাব রয়ে গিয়েছে তাতে আখেরে বিপুল পরিমাণ ক্ষতির মুখে ভারতের বস্ত্র শিল্প। একদিকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে ক্ষতির মুখে ভারতের কৃষকরা। এবার আঘাত ভারতের বস্ত্র শিল্পেও।

আমেরিকার সঙ্গে চুক্তিকে  কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্রাম্পের কাছে "পাইকারি আত্মসমর্পণ" বলে অবিহিত করেছেন। পাল্টা বিরোধী দলনেতা নেতার সমালোচনা করে মন্ত্রী পিযূষ গোয়েল বলেন, "বাংলাদেশ ভারতের চেয়ে বাণিজ্য (চুক্তি) থেকে বেশি সুবিধা পেয়েছে। তিনি সংসদে আরেকটি মিথ্যা প্রচার করেছেন।"

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক লাগু করার পর বিপুল ক্ষতির মুখে পড়েছিল ভারতের বস্ত্র শিল্প। ভারত থেকে যেসব সামগ্রী আমেরিকায় রফতানি হয় তার ২৯ শতাংশ বস্ত্র শিল্পের সামগ্রী। এর থেকে ভারতের রোজগার হয় ১০.৫ বিলিয়ন ডলার। সম্প্রতি মার্কিন চুক্তির পরে ভারতের বাণিজ্যমন্ত্রক দাবি করেছে ভারতের সেই বস্ত্রের বাজারকে আমেরিকায় রফতানির পরিমাণ ৭০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

তবে বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির পরে সেই ছবিতে পরিবর্তন ঘটতে বাধ্য। ভারতের সামগ্রী আমেরিকায় রফতানি হবে ১৮ শতাংশ শুল্কে। বাংলাদেশের সামগ্রীতে শুল্ক লাগু হয়েছে ১৯ শতাংশ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শূন্য ডিউটি লাগু করেছে আমেরিকা। যা বাংলাদেশের জন্য একটি বড় লাভজনক চুক্তি।