আজকাল ওয়েবডেস্ক: ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও স্মার্ট ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন ল্যাঙ্গুয়েজ মডেল ফিমি (Finance Model for India) চালু করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই।
সম্প্রতি, ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়েছে। এনপিসিআই জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই এআই মডেলটি ভারতের পেমেন্ট সংক্রান্ত ওয়ার্ক-ফ্লো বোঝার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ইউপিআই লেনদেন, পেমেন্ট সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি, ম্যান্ডেট ম্যানেজমেন্ট এবং যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা। বর্তমানে ফিমি নামক এই এআই ব্যবহার করা হচ্ছে এনপিসিআইয়ের ইউপিআই হেল্প অ্যাসিস্ট্যান্ট হিসেবেয সাধারণত এটি একটি এআই-চালিত কনভারসেশনাল সাপোর্ট সিস্টেম।
এই সহকারী এজেন্ট-ভিত্তিক এআই ফ্রেমওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীদের যাবতীয় পেমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়। এমনকী, অভিযোগ ও গ্রিভিয়েন্স রিড্রেসাল প্রক্রিয়ায় সহায়তা করে এবং ম্যান্ডেট লাইফসাইকেল ম্যানেজমেন্টে সাহায্য করে।
এনপিসিআই জানিয়েছে, এই এআই অ্যাসিস্ট্যান্ট বর্তমানে ইংরেজি, হিন্দি, তেলুগু ও বাংলা ভাষায় পরিষেবা দিচ্ছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে আরও ভারতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
ফিমিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভারতীয় আর্থিক তথ্য এবং কৃত্রিমভাবে তৈরি পেমেন্ট ডেটা ব্যবহার করে। এর ফলে সমস্ত রকমের লেনদেনের পরিবেশে মডেলটির নির্ভুলতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।
এছাড়াও, ফিমির ট্রেনিং প্রক্রিয়া ও কাঠামো নিয়ে একটি গবেষণাপত্রও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতের গুরুত্বপূর্ণ রিটেল পেমেন্ট সিস্টেমগুলি পরিচালনা করে থাকে।
যার মধ্যে ইউপিআই পরিষেবা অন্যতম গুরুত্বপূর্ণ। ব্যক্তি ও ছোট শিল্পের ব্যবসায়ীদের জন্য ইউপিআই বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল লেনদেন মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
এই পরিস্থিতিতে ফিমি চালু করায় ভারতের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোয় এআই ব্যবহারের নতুন দিগন্ত খুলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
