আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি প্রায় দেড় ঘণ্টার বাজেটে। তবে কেন্দ্রের বাজেটে কতটা খুশি বিরধী রাজনৈতিক দলগুলি, নজর থাকে সেদিকে।
ইতিমধ্যেই এই বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জি। একে একে সামনে আসছে, দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া।
তার মাঝেই সমানে এসেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়াও। তিনি এই বাজেটকে 'ঐতিহাসিক' বলেছেন। তাঁর মতে, 'কেন্দ্রীয় বাজেট ১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন । এটি সংস্কার যাত্রাকে শক্তিশালী করে এবং ভিকসিত ভারতের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করে।'
মোদি যখন বলছেন, এই বাজেট ভারতের বর্তমানের স্বপ্নকে রূপ দিচ্ছে, তখন কী বলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা?
মল্লিকার্জুন খাড়্গে বলছেন,বাজেটে SC, ST, OBC, EWS এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনও সহায়তা প্রদান করা হয়নি। কোন কোন বিষয়ে আলোচনা হয়নি বাজেটে অথচ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেগুলি আলোচনার প্রয়োজন ছিল, তার তালিকা দিয়েছেন তিনি।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বাজেট নিয়ে লম্বা পোস্ট করেছেন অখিলেশ যাদব। সপা নেতা লিখেছেন,
'বিজেপির বাজেটের ফলাফল বেরিয়েছে, শেয়ার বাজার ভেঙে পড়েছে।
আমরা আগেই বলেছি:-
প্রশ্নটি রবিবার শেয়ার বাজার খুলবে কিনা তা নয়, প্রশ্নটি হল এটি আরও কতটা পতন করবে।
- যখন বিজেপি সরকারের কাছ থেকে কোনও আশা নেই, তখন তাদের বাজেটের কী হবে।
আমরা বিজেপির প্রতিটি বাজেটকে ১/২০ (এক ভাগ বিশ) বাজেট হিসাবে বিবেচনা করি কারণ এটি ৫% জনগণের জন্য। বিজেপির বাজেট তাদের কমিশন এবং তাদের জনগণের জন্য একটি বাজেট। বিজেপির বাজেট বিজেপির দুর্নীতির একটি অদৃশ্য হিসাব বই। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কোনও উল্লেখ বা উদ্বেগ নেই। দ্রুত মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এই বাজেটে জনগণকে কর ছাড় না দেওয়া 'কর শোষণ'।'
কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, 'যুবক-যুবতীরা কর্মহীন। উৎপাদনে পতন। বিনিয়োগকারীরা মূলধন তুলে নিচ্ছেন। পরিবারের সঞ্চয় কমে যাচ্ছে। দুর্দশার মধ্যে কৃষকরা।বিশ্বব্যাপী ধাক্কার আশঙ্কা - সবকিছু উপেক্ষা করা হচ্ছে। ভারতের প্রকৃত সংকট সম্পর্কে অজ্ঞ, এমন একটি বাজেট এটি যা সংস্কারের পথে হাটে না।' শশী থারুরের মতে, 'এই বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য কিছুই ছিল না। রাজ্যগুলির জন্য কিছুই ছিল না। '
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, 'বঙ্গবিরোধী বিমাতৃসুলভ বাজেট।বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। বিজেপি সরকার যে বঙ্গ বিরোধী সেটা এই বাজেট আরও একবার প্রমাণ করল। বাংলার প্রাপ্যের কথা নেই বাংলার ঘোষণার কথা নেই কথা নেই।'
