আজকাল ওয়েবডেস্ক: কাজ নেই- এই অজুহাতে কোনও বাবা তাঁর সন্তানদের প্রতি আইনি দায়িত্ব এড়াতে পারেন না। এক মামলায় এমনই সাফ জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। একই সঙ্গে ওই ব্যক্তিকে তাঁর ছেলে ও মেয়ের জন্য প্রতি মাসে খোরপোশ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
নিম্ন আদালত ওই ব্যক্তিকে সন্তানদের খরচ চালানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
মহারাষ্ট্রের বুলধানার বাসিন্দা ওই ব্যক্তি। তাঁকে তাঁর ছেলে ও মেয়ের জন্য প্রতি মাসে মোট ৮ হাজার টাকা (দুজনের জন্য ৪ হাজার টাকা করে) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টে ওই ব্যক্তি দাবি করেন, তিনি এখন বেকার। তাই সন্তানদের টাকা দেওয়ার সামর্থ্য তাঁর নেই। উপার্জনের একমাত্র উপায় বলতে একটি অটো ছিল, সেটিও তিনি বিক্রি করে দিয়েছেন।
তবে আদালত তাঁর এই অজুহাত মানতে চায়নি। হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, এভাবে দায়িত্ব থেকে পালানো যায় না। সন্তানদের বড় করা এবং তাদের পাশে দাঁড়ানো বাবার আইনি ও ব্যক্তিগত- দুই ধরণেরই কর্তব্য।
আদালত মনে করিয়ে দিয়েছে, ১০ এবং ৭ বছর বয়সি দুটি শিশুর ভবিষ্যৎ কোনওভাবেই অবহেলা করা যায় না। কাজ না থাকা বা কম আয় হওয়া- কোনও কিছুই সন্তানদের প্রতি দায়িত্ব এড়ানোর সঠিক কারণ হতে পারে না।
এর পাশাপাশি, আদালত আরও জানিয়েছে, ওই ব্যক্তি সন্তানদের জন্য আগে থেকে ঠিক হওয়া খোরপোশের টাকাও দেননি।















