আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের হামিরপুরে গভীর রাতে ভয়াবহ বিপর্যয়। প্রবল ঝড়ের মুখে পড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ছয় জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন আরও তিন জন শ্রমিক। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেতওয়া নদীর উপর এই সেতুটি তৈরি হচ্ছিল। এটি কুড়ারার মোরাকান্দার পরসানি থেকে নৈথি গ্রামকে জুড়ছিল। গতকাল রাত দুটো নাগাদ যখন ঝড়ের মধ্যেই সেতুর কাজ চলছিল, ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনা।
হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার বর্মা সাংবাদিকদের জানান, "রাত দুটো নাগাদ আমরা খবর পাই যে সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়ে বেশ কিছু মানুষ চাপা পড়েছেন। খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করেছে। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার করে সনাক্ত করা সম্ভব হয়েছে।"
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে সবচেয়ে কমবয়সী হলেন ১৯ বছরের কুলদীপ নিষাদ। তিনি উত্তরপ্রদেশের বান্দা জেলার চিল্লা গ্রামের বাসিন্দা। মৃত ছয় শ্রমিক, লোকেন্দ্র (২২), কুলদীপ নিষাদ (১৯), সাওয়ান্ত যাদব (২৮), সভাজিৎ (৩০), পুষ্পেন্দ্র সিং চৌহান (৩৪), রাজেশ পাল (৪২)।
অন্য দিকে, নদীর মাঝে সেতুর পিলারের উপর এখনও আটকে রয়েছেন অধেশ নিষাদ, কাল্লু যাদব এবং রাজেশ নিষাদ নামের তিন শ্রমিক। তাঁদের নিরাপদে উদ্ধার করার জন্য জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।















