নিতাই দে: ত্রিপুরার খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায় বন্য হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে শনিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পরসিথিতি স্বাভাবিক হলেও, স্থানীয়দের মনে ক্ষোভ-আতঙ্ক। 


কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা? তথ্য, শুক্রবার গভীর রাতে একটি দাঁতাল বন্য হাতি গ্রামে ঢুকে পড়ে। সেই সময় নিজের বাড়িতে থাকা ৭০ বছর বয়সী মনিমালা দেববর্মা হাতির আক্রমণের শিকার হন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এই মর্মান্তিক ঘটনার পর শনিবার সকালে গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের মহকুমা আধিকারিক ধীরেন কলই। তবে ক্ষুব্ধ জনতার তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন। পরে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।


এদিকে উত্তেজিত কিছু যুবক বনদপ্তরের বিট অফিসে ভাঙচুর চালায় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।


তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী  আজকালকে জানান, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং বনদপ্তরের পক্ষ থেকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । 


ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। স্থানীয়দের মনে আতঙ্ক, চাপা ক্ষোভ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী  প্রফেসর ডা: মানিক সাহা  শনিবার বিকেলে  বন্যহাতির আক্রমণে নিহত মনিমালা দেববর্মার বাড়িতে যান ।বন্যহাতির আক্রমণে নিহত ৬৯ বছর বয়সী জনজাতি বৃদ্ধা মনিমালা দেববর্মার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন।  মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন সহ আত্মীয় পরিজনেরা।
অন্যান্যদের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির নর্থইষ্ট কোঅর্ডিনেটর ডঃ সম্বিত পাত্রা-সহ অন্যান্যরা।

 

&t=1s