আজকাল ওয়েবডেস্ক: ১৪ জুলাই। সোনমের অনশনের ১৭ দিন। চতুর্দিকে জোরাল হচ্ছে, তাঁর অনশন প্রত্যাহারের দাবি। তার মাঝেই কালীঘাট থেকে ফোন গেল যন্তরমন্তরে? বিষয়টি সমানে এনেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা খোদ অভিজিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, 'তৃণমূল প্রধান মমতা দিদি সোনম স্যারের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি স্যারকে মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে সিজেপি (CJP)-র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
আমাদের আন্দোলনের প্রতি মমতা দিদির এই উদ্বেগ, সংহতি ও সমর্থনের জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।'
এর আগেই, ককোরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজমাধ্যমে জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওঁর ওজন ইতিমধ্যেই সাড়ে আট কেজি কমেছে। শরীরে পেশির ক্ষয় শুরু হয়েছে। তা সত্ত্বেও অনশন ভাঙতে নারাজ ওয়াংচুক। তাঁর পাল্টা প্রশ্ন, সরকার কেন আলোচনায় বসছে না?
এই প্রসঙ্গে উল্লেখ্য, ওয়াংচুকের এই আন্দোলনে ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছে দেশের বিরোধী শিবির। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আপ নেত্রী অতিশী, সিপিএম সাংসদ অমরারাম এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ওয়াংচুকের স্বাস্থ্যের খোঁজ নিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।উদ্ধব লেখেন, “আমরা শিবসেনার পক্ষ থেকে সোনম ওয়াংচুক এবং অভিজিৎ দীপকের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।” তবে পাশাপাশিই ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁকেও অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন উদ্ধব। অবস্থানস্থলে পৌঁছেছেন বৃন্দা কারাত থেকে সৃজন ভট্টাচার্য। এসবের মাঝেই, সোনমের সঙ্গে কথা বললেন মমতা ব্যানার্জি।
















