আজকাল ওয়েবডেস্ক: বোমার আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। এবার ইসকন মন্দিরে বোমা রাখা আছে বলে আতঙ্ক ছড়ালো। ঘটনাটি ঘটেছে তিরুপতির ইসকন মন্দিরে। ঘটনা প্রকাশ্যে আসতেই মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে মন্দির কর্তৃপক্ষ। 

 

 

জানা গিয়েছে, ২৭ অক্টোবর খবর ছড়ায় মন্দিরে বোমা রাখা আছে বলে। পুলিশ জানিয়েছে, একটি ইমেল আসে যাতে লেখা মন্দিরটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তদন্তে উঠে আসে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা এই ইমেল পাঠিয়েছে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং ডগ স্কোয়াডের দল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। কিন্তু ঘটনাস্থল থেকে কোনও সন্দেহজনক জিনিস বা বিস্ফোরক উদ্ধার হয়নি।

 

 

এর আগে তিরুপতি হোটেলে বোমা রাখা আছে বলে প্রতারণামূলক ইমেল আসে। ২৬ অক্টোবর দুটি হোটেলে বোমার হুমকি আসে। এর দুদিন আগে ২৪ অক্টোবর, চারটি হোটেল এবং বিমানবন্দরে বোমা হুমকির খবর ছড়ায়। পরে জানা যায়, পুরোটাই ভুয়ো। তবে ইতিমধ্যেই বোমা হামলার হুমকি সম্পর্কিত কোনও ঘটনা এড়াতে পুলিশ শহরের সমস্ত জায়গায় সতর্কতা জারি করেছে।