আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ১৯ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে বর্তমানে তোলপাড় চলছে। একটি কলেজ পড়ুয়া যুগলের একান্ত ব্যক্তিগত মুহূর্তের এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে 'ভাইরাল' হওয়ার পর থেকেই তৈরি হয়েছে এক চরম বিশৃঙ্খলা। ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে টেলিগ্রাম—সর্বত্রই আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই আপত্তিকর ভিডিওটি। তবে এর প্রভাব কেবল ওই যুগলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর জেরে চরম হেনস্তার শিকার হতে হচ্ছে নিরপরাধ ব্যক্তিদেরও। বিশেষ করে জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার 'সুইট জান্নাত'কে নিয়ে নেটপাড়ায় নোংরা গুঞ্জন শুরু হয়েছে। একদল নেটিজেন দাবি করতে শুরু করেন যে, ভিডিওতে থাকা তরুণীটি আসলে জান্নাত নিজেই। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, জান্নাত বাধ্য হয়ে নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ভিডিওর তরুণীটি তিনি নন এবং অযথা তাকে এই নোংরা বিতর্কে না জড়ানোর অনুরোধ করেছেন।

এই ঘটনার জেরে নড়েচড়ে বসেছে সাইবার বিভাগ। ডিজিটাল পরিবেশ সুরক্ষিত রাখতে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিওর লিঙ্ক এবং ক্লিপগুলি মুছে ফেলার কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে, কৌতূহলের বশে এই ধরনের ভিডিও বা লিঙ্ক খোঁজা বা শেয়ার করা আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। বর্তমানে সাইবার অপরাধীরা এই 'ভাইরাল ভিডিও'র নাম করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফিশিং লিঙ্ক ছড়িয়ে দিচ্ছে। সেই সব লিঙ্কে ক্লিক করলেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, এমনকি হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন বা কম্পিউটারটিও।

মনে রাখা জরুরি যে, কারো ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার করা ভারতে কেবল অনৈতিক নয়, বরং একটি গুরুতর অপরাধ। ভারতীয় আইন অনুযায়ী, ইন্টারনেটে অশ্লীল বা আপত্তিজনক বিষয়বস্তু শেয়ার করলে চড়া মূল্য চোকাতে হতে পারে। তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) ৬৭ নম্বর ধারা অনুযায়ী, এই ধরনের কাজ করলে প্রথমবার অপরাধের জন্য তিন বছর পর্যন্ত জেল এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর যদি অপরাধের পুনরাবৃত্তি হয়, তবে শাস্তির মেয়াদ বেড়ে ৫ বছর হতে পারে। অন্যদিকে, ৬৭-এ ধারা অনুযায়ী কোনও  যৌন উত্তেজক বিষয়বস্তু শেয়ার করলে প্রথমবারই ৫ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৯২, ২৯৩ এবং ৩৫৪-সি ধারাতেও এই ধরনের কাজকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই নেটদুনিয়ায় কোনও  কিছু শেয়ার করার আগে সতর্ক হোন, কারণ আপনার একটি ভুল ক্লিক বা একটি শেয়ার আপনাকে আইনি জটিলতা এবং জেলে পৌঁছে দিতে পারে।