আজকাল ওয়েবডেস্ক: ইরান যুদ্ধের জেরে বাজারে তেলের আকাল। আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। এই সুযোগকেই কাজে লাগিয়ে এক অভিনব ব্যবসায়িক ফন্দি এঁটেছেন তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুড়েম জেলার এক মোবাইল পরিষেবা কেন্দ্র। ৩৫০ টাকার মোবাইল রিচার্জ করলেই মিলছে এক লিটার পেট্রোল একদম বিনামূল্যে!
দম্মাপেটা এলাকায় অবস্থিত দোকানটি। এয়ারটেলের এই নতুন দোকানকে কেন্দ্র করে এখন হইচই তুঙ্গে। গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে টানতে এক লিটার পেট্রোলের টোপ দেওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই কেন্দ্রের ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রচারের আলোয় আসতেই তাঁদের এই অভিনব উদ্যোগ। এই অফারে লাভের গুড় পিঁপড়েয় খেলেও, নেটপাড়ার নজর টানতে যে তাঁরা সফল, তা বলাই বাহুল্য।
তবে আমজনতার এই আতঙ্কে জল ঢেলেছে তেলেঙ্গানার অসামরিক জোগান দপ্তর। প্রশাসনের দাবি, রাজ্যে তেলের কোনও অভাব নেই। সরকারি হিসেব অনুযায়ী, প্রতিদিন প্রায় ১৮,৫০০ কিলোলিটারের বেশি জ্বালানি ঢুকছে রাজ্যে। হাতে মজুত রয়েছে অন্তত ৪০-৪৫ দিনের রসদ।
কিন্তু সরকারি আশ্বাসে কাজ হচ্ছে না। যুদ্ধের গুজবে কান দিয়ে সাধারণ মানুষ তেল মজুত করতে শুরু করেছে। অন্যদিকে এর জেরে নতুন এক সঙ্কট দেখা দিয়েছে। পাম্পে পাম্পে ভিড়। ‘তেল নেই’ বোর্ড দেখে ঘাবড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। ডিলারদের দাবি, তেল সংস্থাগুলি থেকে মাঝেমধ্যে সরবরাহ ব্যাহত হওয়ায় কিছু এলাকায় সমস্যা জটিল হয়েছে।















