আজকাল ওয়েবডেস্ক: আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শুক্রবার তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। নয়াদিল্লিতে দলের সদর দপ্তর থেকে প্রকাশিত এই তালিকায় বেশ কয়েকজন বিশিষ্ট নেতার নাম রয়েছে। 

জল্পনা ছিল যে, তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি আন্নামালাই সম্ভবত এবার বিধানসভা ভোটের টিকিট পাবেন। এই প্রাক্তন আইপিএস আধিকারিক কোয়েম্বাটুর (উত্তর) কেন্দ্র থেকে লড়বেন বলে শোনা যাচ্ছিল। তবে দলের চূড়ান্ত প্রার্থীর তালিকায়  আন্নামালাই-এর ঠাঁই হয়নি। 
কোয়েম্বাটুর (উত্তর) বিধানসবা কেন্দ্র থেকে লড়াই করবেন বর্তমানে ওই কেন্দ্রের বিধায়ক বিজেপিরই বনথি শ্রীনিবাসন।

তবে এবার বিজেপির প্রার্থী তালিকায় অন্যতম আকর্ষণের কেন্দ্রে হলেন মুরুগান ও তামিলিসাই। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানকে অবিনাশি (তপশিলি জাতি সংরক্ষিত) কেন্দ্র থেকে প্রার্থী করেছে পদ্ম বাহিনী। অন্যদিকে গেরুয়া শিবিরের হয়ে তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন লড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল মাইলাপুর আসন থেকে।

দক্ষিণী রাজ্য তামিলনাড়ু জিততে মরিয়া বিজেপি। লক্ষ্যপূরণে রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অভিজ্ঞ ও সুপরিচিত নেতাদের কাজে লাগাতে চাইছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। বিজেপির প্রার্তী তালিকায় মুরুগান ও তামিলিসাই অন্তর্ভুক্তি বিজেপির সেই কৌশলেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

তামিলনাড়ু নির্বাচনের জন্য ঘোষিত বিজেপি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা-

আবাদি - শ্রী এম. রাজাসিমা মাহিন্দ্র (এম. অশ্বিনকুমার)
ময়লাপুর - শ্রীমতি (ড.) তামিলিসাই সৌন্দররাজন
থালি – ডাঃ নাগেশ কুমার
তিরুভান্নামালাই – শ্রী সি. এলুমালাই
রাসিপুরম (এসসি) - ডাঃ এস.ডি. প্রেমকুমার
মোদাক্কুরিচি – শ্রীমতি কীর্তিকা শিবকুমার
উধাগমণ্ডলম – শ্রী ভোজরাজন
অবনাশি (এসসি)- ড. এল. মুরুগান
তিরুপুর (দক্ষিণ)- শ্রী এস থাঙ্গারাজ
কোয়েম্বাটোর (উত্তর)- শ্রীমতি বনথী শ্রীনিবাসন
তিরুভারুর - শ্রী গোভি চন্দ্রু
থাঞ্জাভুর - শ্রী এম. মুরুগানন্দম
গন্ধর্বকোট্টাই (এসসি)- শ্রী সি. উদয়কুমার
পুদুক্কোত্তাই – শ্রী এন. রামচন্দ্রন
অরন্থঙ্গী – শ্রীমতি কবিতা শ্রীকান্ত
তিরুপট্টুর - শ্রী কে.সি. থিরুমরন
মানামাদুরাই (এসসি)- শ্রী পন। V. বালাগানপথি
মাদুরাই দক্ষিণ – অধ্যাপক রমা শ্রীনিবাসন
সত্তুর - শ্রী নাইনার নাগেন্থরান
রামানাথপুরম – শ্রী জিবিএস কে. নগেন্দ্রন
তিরুচেন্দুর - শ্রী কেআরএম রাধাকৃষ্ণন
বাসুদেভানাল্লুর (এসসি)- শ্রী অনন্তান আয়াসামি

এর আগে তামিলনাড়ুতে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল ডিএমকে। ২৩৪টি আসনের মধ্যে ১৬৪ টিতে লড়াই করছে ডিএমকে। বাকি আসনগুলি ছাড়া হয়েছে জোট সঙ্গীদের। প্রধান জোটসঙ্গী কংগ্রেসকে ২৮টি আসন দেওয়া হচ্ছে। এছাড়াও সিপিআই এবং সিপিআইএম -কে দেওয়া হচ্ছে পাঁচটি করে আসন।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ২৩৪টি আসনেই প্রার্থী ঘোষণা অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে। নিজে দুই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নতুন চমক দিতে চেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা জনপ্রিয় নেতা বিজয়। তাঁর এই পদক্ষেপ তামিলনাড়ুর নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তামিলনাড়ুতে ২৩শে এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা ৪ঠা মে।