আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশজুড়ে চলা শিক্ষাব্যবস্থার নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে উত্তাল রাজধানী। দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে চলছে এক বিশাল ধরনা আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ শামিল হচ্ছেন এই আন্দোলনে। এই আন্দোলনের তীব্রতা বাড়িয়ে ধরনামঞ্চেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।

প্রথম থেকেই এই ছাত্র ও গণআন্দোলনের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দুর্নীতিমুক্ত স্বচ্ছ পরীক্ষাব্যবস্থার দাবিতে ইতিমধ্যেই দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনটি। এরই অঙ্গ হিসেবে গতকাল, ৯ জুলাই, কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটসহ দেশের অন্তত ১০০টি স্থানে এসএফআই-এর উদ্যোগে দিনভর প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়, যেখানে অংশ নেন হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রী।

আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে আজ দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র মূল ধরনামঞ্চে পৌঁছান এসএফআই-এর কেন্দ্রীয় নেতৃত্ব। অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করে তাঁর লড়াইয়ের প্রতি পূর্ণ সংহতি ও একাত্মতা প্রকাশ করেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য্য, আদর্শ এম সাজি এবং ঐশী ঘোষসহ অন্যান্যরা।

ধরণামঞ্চ থেকে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য্য জানান, "এই স্বতঃস্ফূর্ত গণআন্দোলন আসলে বর্তমান বিজেপি সরকারের শিক্ষাবিরোধী নীতি ও দুর্নীতির বিরুদ্ধে দেশের তরুণ ও ছাত্র সমাজের পুঞ্জীভূত ও ক্রমবর্ধমান ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এই লড়াই শুধু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে নয়, দেশের শিক্ষাব্যবস্থাকে বাঁচানোর লড়াই।"

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই যৌথ আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।