আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এবার একাধিক রাজ্যের এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। গতকাল শনিবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গুজরাটে ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদ গেছে। 

 

গুজরাট, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আগেই। গতকাল মধ্যপ্রদেশ, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোদি-শাহের রাজ্য গুজরাটে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬৮ লক্ষ নাম বাদ গিয়েছে। এসআইআর শুরু হওয়ার সময় তালিকায় ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জন ভোটারের নাম ছিল। এসআইআর-এর পর তা কমে হয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫। অর্থাৎ প্রায় ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ ভোটারের নাম বাদ পড়েছে গুজরাটে।

 

মধ্যপ্রদেশে আগে ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩। এই রাজ্যে এসআইআর-এর পর ভোটার তালিকা থেকে ৩৪ লক্ষ ২৫ হাজার ৭৮ জনের নাম বাদ গেছে। এসআইআর শুরুর আগে রাজস্থানে ভোটার ছিল ৫ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ২১৫। এই রাজ্যে নাম বাদ গেছে ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ ভোটারের নাম। রাজস্থানের চূড়ান্ত ভোটার তালিকায় ৫ কোটি ১৫ লক্ষ ১৯ হাজার ৯২৯ জনের নাম রয়েছে। 

 

এসআইআর-এর আগে কেরলের ভোটার তালিকায় ২ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজার ৮৫৫ জনের নাম ছিল। গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জানা গেছে, এই রাজ্যে ৮ লক্ষ ৯৭ হাজার ২১১ জনের নাম বাদ গেছে। বর্তমানে কেরলের ভোটার তালিকায় ২ কোটি ৬৯ লক্ষ ৫৩ হাজার ৬৪৪ ভোটার রয়েছে। 

 

ছত্তিশগড়ে ২ কোটি ১২ লক্ষ ৩০ হাজার ৭৩৭ জনের নাম ছিল ভোটার তালিকায়। এসআইআর-এর পর প্রায় ২৪ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। গোয়ায় ভোটার তালিকায় নাম ছিল ১১ লক্ষ ৮৫ হাজার ৩৪ জনের। এই রাজ্যে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জনের নাম বাদ গেছে। গতকাল নির্বাচন কমিশন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকাও প্রকাশ করেছে। এই অঞ্চলে ৬৯ হাজার ২৮৩ ভোটারের নাম বাদ গেছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। 

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২টি রাজ্যের মধ্যে আর ন'টি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি রয়েছে আর তিনটি রাজ্য। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু। পশ্চিমবঙ্গে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তামিলনাড়ুতে ২৩ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১০ এপ্রিল।