আজকাল ওয়েবডেস্ক: কূটনৈতিক যোগাযোগের ফলেই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
তাঁর কথায়, দুই দেশের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক আলোচনাই ইতিবাচক ফল এনে দিয়েছে। সম্প্রতি ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেলের সরবরাহ হয়ে থাকে। সেই পরিস্থিতিতেই শনিবার ভারতীয় পতাকাবাহী দুটি গ্যাসবাহী জাহাজ ‘শিবালিক’ এবং ‘নন্দা দেবী’ নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে রওনা দেয়।
জানা গিয়েছে, জাহাজ দুটিতে প্রায় ৯২,৭১২ মেট্রিক টন এলপিজি বহন করা হচ্ছিল। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, ‘ভারত বরাবরই আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে পছন্দ করে।’
তাঁর মতে, এই দুই জাহাজের নিরাপদ যাত্রা কূটনৈতিক উদ্যোগের কার্যকারিতাই প্রমাণ করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর থেকে ইতিমধ্যেই চারবার তাঁর ফোনে কথা হয়েছে সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে।
হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা একমাত্র সমুদ্রপথ এবং বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, ভারতের পাশাপাশি চীন ও রাশিয়াও চলতি সংঘাতের মধ্যে তাদের জাহাজ চলাচলের জন্য ইরানের কাছ থেকে বিশেষ ছাড় পেয়েছে।
তবে ভারতীয় জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনও ‘চুক্তি’ হয়নি বলেই জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘এটা কোনও বিনিময়ের বিষয় নয়। ভারত ও ইরানের দীর্ঘদিনের সম্পর্ক। এই সংঘাতকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করি।’
তিনি আরও জানান, ‘এটা কেবল শুরু। ওই অঞ্চলে আমাদের আরও অনেক জাহাজ রয়েছে। দুটো জাহাজ ভারতের দিকে রওনা দেওয়া অবশ্যই ইতিবাচক পদক্ষেপ, তবে গোটা বিষয়টা নিয়ে আলোচনা এখনও চলছে।’
