আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলে চাকরির সুযোগ! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)-র তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, রেলে ছ'হাজারের বেশি সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে চাকরি?
রেলের টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা
রেলের টেকনিশিয়ান পদে মোট ৬ হাজার ৫৬৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিতদের জন্য বরাদ্দ রাখা হবে কিছু আসন। তবে শূন্যপদের সংখ্যা পরিবর্তনসাপেক্ষ।
কোন রাজ্যে হতে পারে পোস্টিং?
উভয় পদে নিযুক্তদের দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং দেওয়া হবে। পশ্চিমবঙ্গ-সহ অন্যত্র দেওয়া হবে পোস্টিং।
শিক্ষাগত যোগ্যতা
কোন পদে কর্মী নিয়োগ করা হবে, তার উপর ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে। টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদনের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই শংসাপত্র থাকতে হবে। অন্য পদটিতে আবেদনের জন্য যে কোনও বিষয়ে বিএসসি ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
বয়ঃসীমা
পদ অনুযায়ী, প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বা ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
বেতন
টেকনিশিয়ান গ্রেড ৩ পদে নিযুক্তদের প্রাথমিক ভাবে মাসিক বেতন হবে ১৯ হাজার ৯০০ টাকা। অন্য পদটিতে শুরুর দিকে মাসিক বেতন হবে ২৯ হাজার ২০০ টাকা। এ ছাড়াও বিভিন্ন খাতে মিলবে ভাতা এবং অন্য সুযোগসুবিধাও।
যোগ্যতা যাচাই
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে তিনটি ধাপে। প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ২) নথি যাচাইকরণ এবং ৩) মেডিকেল পরীক্ষার মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। প্রতি ধাপে উত্তীর্ণরা পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
১। প্রার্থীদের প্রথমে আরআরবি-র অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ যেতে হবে।।
২। হোমপেজে থাকা 'রিক্রুটমেন্ট'-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। নতুন পেজ খুললে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৪। এরপর আবেদনপত্রটি পূরণ করে অনলাইন মাধ্যমে আবেদনমূল্য জমা দিতে হবে।
৫। আবেদনপত্রের 'Submit' বিকল্পে ক্লিক করে এর পর কনফারমেশন পেজটি ডাউনলোড করে নিতে হবে।
৬। ভবিষ্যতের প্রয়োজনে প্রার্থীরা আবেদনপত্রের একটি প্রিন্টআউট বা হার্ড কপি নিজের কাছে রেখে দিতে পারেন।
আবেদনের সময়সীমা
প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনের শেষ দিন আগামী ৩০ জুন।















