আজকাল ওয়েবডেস্ক: সংসদে আটকে দেওয়া গিয়েছে নরেন্দ্র মোদি সরকারের বিলকে। তারপরেই বিরোধী জোটের ঐক্যের ছবি সামনে এল। সূত্রের খবর, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার পরেই ফোনে কথা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
সূত্রের খবর, লোকসভায় বিলটি পাশ না হওয়ার পরে রাহুল অভিষেককে ফোন করে বিলটিকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ জানান। অভিষেককে রাহুল বলেন, নির্বাচন সত্ত্বেও, ভোটের জন্য সংসদে সাংসদদের পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, অভিষেক এবং রাহুলের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। তাঁদের মধ্যে আলোচনা হয় যে, যদি সব সাংসদ উপস্থিত থাকতেন তাহলে বিলটির বিপরীতে ভোট সংখ্যাটি ২৫০ ছাড়িয়ে যেত। এমনকি ক্রসভোটিং নিয়েও আলোচনা হয় দু’জনের। অভিষেক সেই সময় বলেন, “বিজেপির বিরুদ্ধে স্রোত ঘুরছে।”
প্রসঙ্গত, দু'দিনের তর্ক-বিতর্কের পরে শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে দেখা গেল বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়ে এবং বিপক্ষে ২৩০টি। মোট ৫২৮ জন সাংসদ ভোট দিয়েছিলেন এদিন। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন ছিল ৩২৬ টি ভোটের। যা জোগাড় করতে ব্যর্থ মোদি-শাহরা। ভোটাভুটিতে বিলটি পাশ করাতে না পারায় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু সংশ্লিষ্ঠ বিলটি নিয়ে আর না এগোনোর কথা জানিয়েছেন। এবং এই বিলগুলি প্রত্যাহার করে নেওয়া হয়।
বিরোধী শিবির ঐক্যবদ্ধ হওয়ায় সরকার পক্ষ চাইলেও সংসদে সংবিধান সংশোধনী বিলটি পাশ করাতে ব্যর্থ হয়েছে। ভোটাভুটির আগে এদিন বিরোধীদের নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের তিনি মহিলাদের সংরক্ষণের বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির যুক্তি দিয়ে সংসদ সংখ্যা বাড়ানোর জোরদার সওয়ালও করেন। তবে সংখ্যা না থাকায় বিল পাশ করাতে ব্যর্থ হয় সরকার।
সংসদে বিরোধীদের জয় হওয়ার পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “এটি ছিল সংবিধানের ওপর একটি আক্রমণ, এবং আমরা তা প্রতিহত করেছি, যা একটি ভাল বিষয়। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে এটি কোনও মহিলা বিল নয়। এটি ভারতের রাজনৈতিক ও নির্বাচনী কাঠামো পরিবর্তনের একটি প্রচেষ্টা। আমরা তা থামিয়ে দিয়েছি।” তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলছি যে, আপনি যদি মহিলাদের সংরক্ষণ চান, তাহলে ২০২৩ সালের মহিলা সংরক্ষণ বিলটি আনুন এবং আজই তা কার্যকর করুন। সমগ্র বিরোধী দল আপনাকে শতভাগ সমর্থন করবে এবং আমরা অবিলম্বে মহিলা সংরক্ষণ কার্যকর করব।”















