আজকাল ওয়েবডেস্ক: আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই নানা প্রশ্নের মুখে পড়েছেন রাঘব চাড্ডা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খুইয়েছেন প্রায় ১ মিলিয়ন ফলোয়ার।
অবশেষে সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নিজের দল পরিবর্তনের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন তিনি। প্রাক্তন আপ সাংসদের দাবি, তিনি যখন অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিয়েছিলেন সেই পরিস্থিতি বর্তমান আপ দলে আর নেই।
গত সপ্তাহে দলবদলের পর একদিনেই ইনস্টাগ্রামে প্রায় ১০ লক্ষ ফলোয়ার খুইয়েছেন ৩৭ বছরের এই রাজ্যসভার সাংসদ। রাজনৈতিক মহলে ইনস্টাগ্রামকে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তার অন্যতম মাপকাঠি হিসেবে ধরা হয়।
সেই প্রেক্ষিতেই ফলোয়ারদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করতে এই ভিডিও বার্তা দেন তিনি। ভিডিওতে রাঘব চাড্ডা বলেন, ‘এখন আম আদমি পার্টি আর আগের মতো নেই। এখানে বিষাক্ত কাজের পরিবেশ তৈরি হয়েছে। কাজ করতে বাধা দেওয়া হয়। সংসদে কথা বলতেও বাধা দেওয়া হয়।’
নিজেকে দলের শুরুর সময়ের সদস্যদের একজন দাবি করে তিনি বলেন, ‘আমি রাজনীতিতে কেরিয়ার গড়তে আসিনি। একটি রাজনৈতিক দলের শুরুর সময়কার সদস্য হিসেবে নিজের জীবনের ১৫ বছর এই দলকে দিয়েছি। রক্ত, ঘাম এবং কঠোর পরিশ্রম দিয়ে দলকে এই জায়গায় এনেছি।’
তবে কেন বিজেপিতে যোগ দিলেন, সেই প্রশ্নের উত্তরে চাড্ডা বলেন, তিনি ধীরে ধীরে বুঝতে পারেন তিনি মানুষ হিসেবে ঠিকঠাক হলেও ‘ভুল দলে’ ছিলেন এতদিন।
চাড্ডা জানান, দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগেও একাধিক বিকল্প ভাবনার কথা মাথায় এসেছিল তাঁর। রাজনীতি ছেড়ে দেওয়া, দলের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করা, অথবা অন্য কোনও রাজনৈতিক মঞ্চে যোগ দেওয়া এই তিনটে রাস্তাই সামনে খোলা ছিল।
শেষ পর্যন্ত তিনি তৃতীয় রাস্তাটাই বেছে নেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাঘব চাড্ডার সঙ্গে আরও ছ’জন আপ রাজ্যসভার সাংসদ অশোক মিত্তল, হরভজন সিং, সন্দীপ কুমার পাঠক, বিক্রমজিৎ সিং সাহনি, স্বাতী মালিওয়াল এবং রাজেন্দর গুপ্তা বিজেপিতে যোগ দেন।
বর্তমানে তাঁরা বিজেপির ১১৩ জন রাজ্যসভার সাংসদের তালিকায় অন্তর্ভুক্ত। চাড্ডা বলেন, ‘একজন ভুল হতে পারেন, দু’জনও ভুল হতে পারেন। কিন্তু সাতজন সাংসদ কখনও ভুল হতে পারেন না।’ দলত্যাগের পিছনে চাপ বা ভয়ের তত্ত্বও উড়িয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘আমরা কেউই ভয় থেকে দল ছাড়িনি। হতাশা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
চাড্ডা জানান, দল ছাড়লেও আগের জীবন থেকে কোনওভাবেই সরবেন না তিনি। বরং আগের চেয়ে আরও বেশি উদ্যোমে আমজনতার সমস্যা নিয়ে সরব হবেন।















