আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, মোদির সৌদি আরব সফরে দুটি দেশের মধ্যে অন্তত ছ’টি মউ স্বাক্ষর হবে। জেদ্দায় সৌদির রাজপুত্র মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন যৌথভাবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করবেন।

 

এই পরিষদটি ২০১৯ সালে প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময় গঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল ভারত ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা। মঙ্গলবার দুপুরে জেদ্দা পৌঁছবেন মোদি। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি গত ৪০ বছরে প্রথম জেদ্দায় যাচ্ছেন। জানা গিয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান সমস্ত বিষয় নিয়েই বৌঠক হবে দুই পক্ষের মধ্যে।

 

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদিতে একটি কারখানা পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে। সেখানে অনেক ভারতীয় কর্মী নিযুক্ত রয়েছেন। উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী মোদী ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কিং আবদুলআজিজ সাশ’ অর্জন করেছিলেন। 

 

তবে আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের এই বৈঠক এবং সফরকে ঘিরে কূটনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, এই বৈঠকের পর ভারত-সৌদি সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।