আজকাল ওয়েবডেস্ক: বুধবার মিরাটে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ 'গঙ্গা এক্সপ্রেসওয়ে'-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করলেন। এই নতুন প্রকল্প আগামী দিনে উত্তর ভারতের অর্থনীতির প্রধান ধমনী হয়ে উঠতে চলেছে।
প্রায় ৩৬,২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৯৪ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের দীর্ঘতম এবং দেশের অন্যতম বৃহত্তম সড়ক প্রকল্প। মিরাট থেকে শুরু করে প্রয়াগরাজ পর্যন্ত মোট ১২টি জেলার উপর দিয়ে এই পথ। এর ফলে মিরাট থেকে প্রয়াগরাজ পৌঁছাতে আর ১০-১২ ঘণ্টা সময় নষ্ট হবে না, মাত্র ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।

পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এখন মূল ‘ইন্ডাস্ট্রিয়াল করিডোর’। গঙ্গা এক্সপ্রেসওয়েও তার ব্যতিক্রম নয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই রাস্তার দু’ধারে গড়ে তোলা হচ্ছে ১২টি শিল্প তালুক।
প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ৪৭,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব জমা পড়েছে। কৃষি থেকে শুরু করে ভারী শিল্প- সবকিছুরই হাব হয়ে উঠবে এই চত্বর। শাহজাহানপুরে আবার তৈরি হয়েছে বিশেষ রানওয়ে। সেখানে জরুরি ভিত্তিতে নামতে পারবে বায়ুসেনার যুদ্ধবিমানও।
ওয়াকিবহাল মহলের মতে, এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় সবথেকে বড় লাভ হবে পণ্য পরিবহনে। রাস্তা ভালো হলে এবং দূরত্ব কমলে স্বাভাবিকভাবেই ট্রাক বা লরির খরচ কমবে।
বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে পণ্য মজুত রাখার খরচ প্রায় ১৫-২০ শতাংশ কমে যেতে পারে। যার সরাসরি সুফল পাবেন সাধারণ ক্রেতারা। ২০২৬ সালের মধ্যে দেশের ই-কমার্স বাজার যখন কয়েক গুণ বাড়বে, তখন এই এক্সপ্রেসওয়েই হয়ে উঠবে ব্যবসার মূল চাবিকাঠি।
রাস্তা মানেই তার আশেপাশে জনবসতি আর আধুনিক নগরায়ণ। আবাসন শিল্পের সঙ্গে যুক্ত কর্তারা বলছেন, মিরাট, প্রয়াগরাজ বা কানপুরের মতো শহরগুলিতে জমির দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও এই বৃদ্ধির হার ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। পাশাপাশি, প্রয়াগরাজ বা বারাণসীর মতো তীর্থস্থানগুলিতে পর্যটকদের আনাগোনাও অনেক সহজ হবে।
এতদিন পশ্চিম উত্তরপ্রদেশ শিল্পের নিরিখে এগিয়ে থাকলেও পূর্ব অংশ কিছুটা পিছিয়ে ছিল। গঙ্গা এক্সপ্রেসওয়ে এই দুই প্রান্তকে এক সুতোয় বেঁধে আঞ্চলিক বৈষম্য ঘোচাতে চাইছে। মিরাট থেকে প্রয়াগরাজ- গঙ্গার ধারের এই দীর্ঘ পথটি কি উত্তরপ্রদেশের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে? ওয়াকিবহাল মহল তেমনটাই আশাবাদী।















