আজকাল ওয়েবডেস্ক: অপারেশন ‘সিঁদুর’ এর এক বছর পূর্ণ হল বৃহস্পতিবার। এই অভিযানের বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, ‘নিরাপরাধ, নিরস্ত্র ভারতীয়দের উপর পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল, আমাদের বাহিনী সেই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। তাদের সাহস, বাহাদুরিকে কুর্নিশ জানাই।’ মোদি কড়া বার্তা দিয়ে লেখেন, সন্ত্রাবাদকে দমন করতে যে দৃঢ় সঙ্কল্প নেওয়া হয়েছে, সেই সঙ্কল্পে অটল থাকবে গোটা দেশ। দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদি আরও লিখেছেন, ‘ভারতের উপর আঘাত এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়েছে। গোটা দেশ আমাদের বাহিনীর সাহসিকতায় গর্বিত।’ তাঁর কথায়, ‘এক বছর পরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেই অটল রয়েছি। আগামী দিনেও সন্ত্রাসবাদকে আরও কড়া হাতে দমন করা হবে।’
প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। হামলার জবাবে গত বছরের ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু–কাশ্মীরে অভিযান চালায়। যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। সেই অভিযানে পাক ভূখণ্ডে জঙ্গিদের একের পর এক ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়। শতাধিক জঙ্গির মৃত্যু হয় সেই হামলায়। সেই অভিযানের পরই পাকিস্তান পাল্টা হামলা চালায়। ভারতকে লক্ষ্য করে একের পর গোলা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু তাদের সব হামলা ব্যর্থ করে দিয়েছিল দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তিন বাহিনী। শেষ অবধি ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ।















