আজকাল ওয়েবডেস্ক: ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনিই ভারতের দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু টানা ৪,৩৯৮ দিন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন। বুধবার সেই রেকর্ড ভেঙে টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থাকার এক অনন্য নজির গড়লেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার দেশের মসনদে বসার পর থেকে আজ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে এই দায়িত্ব সামলে আসছেন।

এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সX'-এ দেশবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সুশাসন, জনসেবা ও কর্তব্যের প্রতি নিজের অবিচল নিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন। সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে তিনি জানান, যে শাসক স্বভাবগতভাবেই নম্র এবং প্রজাদের কল্যাণে উৎসর্গীকৃত, তিনিই প্রকৃত গৌরব অর্জন করেন। মোদির কথায়, "জনসেবাই হল সুশাসনের আসল মাপকাঠি। যে ব্যক্তি বিনম্রতা, নিষ্ঠা এবং কর্তব্যবোধ নিয়ে অক্লান্ত পরিশ্রম করেন, তিনিই কেবল সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন।"

প্রধানমন্ত্রীর এই অনন্য কৃতিত্বে শাসকদল এনডিএ (NDA) শিবিরের শীর্ষ নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদির এই দীর্ঘ শাসনকাল আসলে ভারতের আত্মমর্যাদা ফিরিয়ে আনা, সাংস্কৃতিক নবজাগরণ এবং দাসত্বের মানসিকতা থেকে দেশকে মুক্ত করার এক সফল অধ্যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক নিবন্ধে লিখেছেন, প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে শুধু প্রকল্প বা কর্মসূচিই দেননি, বরং আত্মবিশ্বাসে ভরপুর এক জাতীয় সংকল্প এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি দিয়েছেন। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে একজন অক্লান্ত 'কর্মযোগী' হিসেবে আখ্যা দিয়ে বলেন, "দেশ প্রথম" (Nation First) নীতিকে সম্বল করে তিনি ভারতকে এক রূপান্তরের পথে এগিয়ে নিয়ে চলেছেন।

দেশের গণ্ডি ছাড়িয়ে এই বিশেষ দিনে বিশ্বমঞ্চ থেকেও একের পর এক শুভেচ্ছাবার্তা ধেয়ে আসছে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আন্তর্জাতিক রাষ্ট্রনেতাদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিশ্বমঞ্চে ভারতের উত্থানে তাঁর অনবদ্য অবদানের প্রশংসা করেছেন। পাশাপাশি, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরও মোদির এই দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "ভারতের দীর্ঘতম মেয়াদী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন। এই অর্জন তাঁর কয়েক দশকের উৎসর্গীকৃত জনসেবা ও বলিষ্ঠ নেতৃত্বের এক জোরালো প্রমাণ।"