নিট-ইউজি (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগে যখন উত্তাল গোটা দেশ, ঠিক তখনই সরাসরি ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে এক অভূতপূর্ব ও কড়া বার্তা দিলেন তিনি। শুধু তাই নয়, শিক্ষার্থীদের উদ্দেশে 'ফ্রেন্ডস' সম্বোধন করে স্পষ্ট জানালেন— প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ বা মামুলি ঘটনা নয়; এর নিদারুণ প্রভাব পড়ে শুধু পরীক্ষার্থীদের ওপর নয়, তাঁদের অভিভাবকদেরও দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, গত আড়াই মাসে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একাধিক মূল অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের অনেকেই এখন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে জেলের অন্ধকূপে দিন কাটাচ্ছে।
তবে এখানেই শেষ নয়! এরপরই মোদি ঘোষণা করেন, আগামীকাল-ই ক্যাবিনেট বৈঠকে নিট দুর্নীতিকাণ্ড নিয়ে তিনি পুনরায় আলোচনা করবেন এবং এর পরই অপরাধীদের কঠোরতম শাস্তি সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নেওয়া হবে। কোনওভাবেই তাদের রেয়াত করা হবে না বলেই জানিয়েছেন তিনি।
নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজধানীতে চলা আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরই কাজের কাজ শুরু হয়েছে রাজধানীতে। দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের দ্রুত বিচারের লক্ষ্যে গঠিত হয়েছে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই আদালতটি তৈরি করা হয়েছে।
মূলত ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যাক্ট, ২০২৪’ এবং সম্পর্কিত অন্যান্য কঠোর আইনের আওতায় দায়ের হওয়া সমস্ত মামলার বিচার এখন থেকে এই নির্দিষ্ট আদালতেই চলবে। দিল্লি হাইকোর্টের নির্দেশিকায় এই নবগঠিত আদালতের বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারক অনু গ্রোভার বালিগাকে। উল্লেখ্য, তিনি এতদিন তিস হাজারি আদালতের মেডিয়েশন সেন্টারের ইন-চার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সেখান থেকেই তাঁকে বদলি করে এই অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ পদে আনা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে দ্রুত বিচারের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ফাস্ট ট্র্যাক আদালত গঠন তার প্রথম এবং অত্যন্ত কার্যকর বাস্তব রূপায়ণ। এবার দেখার, সরকারের এই সাঁড়াশি চাপে নিট কাণ্ডের আসল চক্রীরা কতটা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হয়।
















