আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালের বিছানায় ভয়ঙ্কর পরিণতি রোগীরা। অসুস্থতার জেরে নয়, ভয়াবহ দুর্ঘটনাই কেড়ে নিল প্রাণ। রোগীর বিছানায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল সিলিং ফ্যান। এর জেরে নিমেষেই মর্মান্তিক পরিণতি ৪২ বছরের এক রোগীর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। শনিবার রাতে নর্থ ইস্ট দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালের এমার্জেন্সিতে চিকিৎসাধীন ছিলেন ৪২ বছরের ওই রোগী। বিছানায় যখন শয্যাশায়ী ছিলেন, তখনই তাঁর ওপরে ভেঙে পড়ে সিলিং ফ্যান। গুরুতর আহত হয়েছিলেন তিনি। ঘণ্টা খানেক পরেই মৃত্যু হয়েছে তাঁর। 

 

এই দুর্ঘটনার পরেই রাজধানীর অন্যতম বড় সরকারি হাসপাতালের পরিকাঠামো ও গাফিলতি ঘিরে সরব হয়েছেন রোগীর পরিবার ও স্থানীয়রাও। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, অসুস্থতার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে। সিলিং ফ্যান ভেঙে পড়ার পর আহত হয়েছিলেন। কিন্তু তার জেরে মৃত্যু হয়নি। 

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ন'টা নাগাদ এমার্জেন্সি ওয়ার্ড নম্বর ২৭-এ দুর্ঘটনাটি ঘটেছে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন মহম্মদ আকবর নামের ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই সিলিং ফ্যানটি আকবরের ওপর ভেঙে পড়ে। সেই সময় কর্তব্যরত এক নার্সও আহত হয়েছিলেন। 

 

পরিবারের তরফে জানা গিয়েছে, গত ১৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আকবর। হাইপারটেনশন, নিউমোনিয়া-সহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। যুবকের ডেথ সার্টিফিকেটে অসুস্থতার কারণেই মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, সিলিং ফ্যান ভেঙে পড়ার পর আহত হয়েই মর্মান্তিক পরিণতি হয়েছে তাঁর।