আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের নয়ডায় ফের ভয়াবহ দুর্ঘটনা। বারবার বহুতলে আগুন লাগার ঘটনা শিরোনাম কেড়েছে। এ বারও নয়ডার একটি আবাসিক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার জেরে প্রাণ হারিয়েছেন দু'জন। বহুতলে আটকে পড়েন প্রায় ৫০টি পরিবারের সদস্যরা। আজ নয়ডার ফেজ-৩ থানা এলাকার মামুরা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, একটি ইলেকট্রিক বাইকে চার্জ দেওয়া হচ্ছিল। সেখান থেকেই বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল।

 

গৌতম বুদ্ধ নগরের জয়েন্ট পুলিশ কমিশনার রাজীব নারায়ণ জানিয়েছেন, মামুরা গ্রামের ওই চারতলা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং লট ছিল। সেখানে একটি বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট হয়েছে বলেই ধারণা। তারপরই আগুন লেগে তা দ্রুত পাশে থাকা পেট্রোল চালিত গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। পার্কিং ঢাকা পড়ে যায় কালো ধোঁয়ায়। ধীরে ধীরে ওপরের সমস্ত ফ্ল্যাটেই ধোঁয়া ছড়িয়ে গিয়ে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়।

 

জানা গিয়েছে, বহুতলটিতে প্রতি তলায় প্রায় পাঁচটি এবং সব মিলিয়ে ৫০টি পরিবারের বসবাস। দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় হাইড্রোলিক প্ল্যাটফর্ম ও রেসকিউ ভেহিকেলের সাহায্যে বহুতলে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ধোঁয়া ছড়িয়ে পড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয় দু'জন বাসিন্দার। তাঁদের দ্রুত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষমেশ চিকিৎসাধীন অবস্থাতেই তাঁদের মৃত্যু হয়।

 

পুলিশের তরফে জানানো হয়েছে, বহুতলের প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধারকাজ চালানো হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে এবং বহুতলটিতে অগ্নিসুরক্ষা বিধি মানা হয়েছিল কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।